বাগেরহাটের মোংলা বন্দরের মেহের আলী চরে ইউরিয়া সারবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। গতকাল শুক্রবার ভোরে ঝড়ের কবলে পড়ে ‘নিউ পারভিন-২’ নামের জাহাজটি ডুবে যায়। তবে কোস্টগার্ডের টহলদল জাহাজের ১৪ নাবিককে উদ্ধার করেছে।
মোংলা বন্দর কর্র্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফখরউদ্দিন জানান, গত বুধবার রাতে বন্দরের ফেয়ারওয়েতে অবস্থানরত লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘এমভি এন্টি গোনি’ থেকে ৯৫০ মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে নিউ পারভিন-২ রওনা হয়।
পথে ঘন কুয়াশায় দিক হারিয়ে এটি ফেয়ারওয়ের মূল চ্যানেলের বাইরে চলে গেলে দুর্ঘটনার কবলে পড়ে। এরপরও বন্দর চ্যানেল নিরাপদ রয়েছে বলে জানান তিনি।