পাকিস্তান ক্রিকেটারদের যারা কেন্দ্রীয় চুক্তিতে আছে তাদের ফিটনেস নিয়ে নতুন নিয়ম চালু করেছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। নতুন নিয়মানুযায়ী কেন্দ্রীয় চুক্তি থাকা ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবেই। তা না হলে গুনতে হবে জরিমানা।
স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ ইয়াসির মালিকের তত্ত্ববধানে ফিটনেস পরীক্ষা হবে ৬ ও ৭ জানুয়ারি জাতীয় অ্যাকাডেমিতে। যে পাঁচটি বিষয়ে ফিটনেস পরীক্ষা দিতে হবে তা হলো- ফ্যাট অ্যানালিসিস, স্ট্রেন্থ, এন্ডুরান্স, স্পিড এন্ডুরান্স, ক্রস-ফিট ও ক্যারি ইকুয়াল ওয়েটেজ।
ফিটনেস টেস্টে পাস করতে না করতে পারলে ক্রিকেটারদের মাসিক বেতনের ১৫ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এমনকী একাধিক টেস্টে ফেল করলে তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে পিসিবি।
কেন্দ্রীয় চুক্তিবদ্ধ প্রতিটি ক্রিকেটারকে এই ফিটনেস টেস্টে অংশ নিতে হবে। মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ এখন বাংলাদেশে বঙ্গবন্ধু বিপিএল খেলছেন। ফলে তারা ফিটনেস টেস্টে থাকবেন না। এই দু’জনের ফিটনেস টেস্ট হবে ২০ ও ২১ জানুয়ারি।
পাক ক্রিকেটারদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ বিরিয়ানি খেতে বসলে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কারও আবার অভিযোগ ছিল, শরীরচর্চার ধারে-কাছে যান না সরফরাজ আহমেদরা। এসব অভিযোগ উঠেছিল বিশ্বকাপে সরফরাজের ‘হাই’ কাণ্ডের পর।
বিশ্বকাপে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচে উইকেটরক্ষক সরফরাজের হাই তোলার ছবি ভাইরাল হয়েছিল। সরফরাজের সেই কাণ্ড নিয়ে বিস্তর সমলোচনার পাশাপাশি অভিযোগ উঠেছিল একাধিক পাক ক্রিকেটার ফিট নয়। আর সেই দাবি ও অভিযোগের পর নড়েচড়ে বসে পাকিস্তান ক্রিকেট বোর্ড।