ঢাকার পুরোনো একটি ভিডিও, তাও আংশিক এডিটেড। সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ভারতের দাবি করে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পরে সেটি টুইটার থেকে ডিলিট করলেও স্ক্রিনশট ভাইরাল হয়েছে।
শুক্রবার রাত পৌনে ৮টায় নিজের টুইটার থেকে ভিডিওটি পোস্ট করেন ইমরান খান। তিনি দাবি করেন, মুসলমানদের ওপর উত্তর প্রদেশ পুলিশ হামলা চালিয়েছে। ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।
অনেক নেটিজেন পাল্টা জানিয়ে দেন, ‘এটি ভুয়া একটি ভিডিও। ভুয়া ভিডিও পোস্ট করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।’
ইমরানের দাবি নিয়ে সরব হয়েছে উত্তর প্রদেশ পুলিশও। ইমরানের ওই টুইটের পাল্টা হিসেবে উত্তর প্রদেশের পুলিশ লিখেছে, ‘এটা উত্তর প্রদেশের নয়, ২০১৩ সালের মে মাসে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি ঘটনা। পোশাকে লেখা রয়েছে র্যাব (র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন)।’
ভিডিওটি আসলে ২০১৩ সালের। সেবছর বাংলাদেশের রাজধানী ঢাকায় হেফাজতে ইসলামের সমাবেশে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। দোকানপাটে আগুন দেওয়া হয় শহরের কিছু এলাকায়। এরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শুরু করেন লাঠিপেটা। সেই ঘটনার কিছু ক্লিপ সংগ্রহ করে, সম্পাদনার পর ফেইসবুকে পোস্ট করে সংগঠনটি।