সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

সম্প্রতি মন্ত্রিসভায় ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়’ অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এবং দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজার এলাকায় বিশ^বিদ্যালয়টির স্থান নির্ধারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে দোয়ারাবাজার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চাঁন মিয়া, জেলা পরিষদ সদস্য আমিনুল ইসলাম সেলিম, দোয়ারাবাজার কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাসুম হেলাল, দোয়ারাবাজার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক আশিষ রহমান, সংগঠনের সাবেক আহ্বায়ক আবদুস সালাম মাহবুব প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন একটি বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা, হাওরের শিক্ষা এগিয়ে নিতে এ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রাখবে। সবক্ষেত্রে পিছিয়ে পড়া দোয়ারাবাজার উপজেলায় এবং সুনামগঞ্জ শহরের নিকটবর্তী জায়গা আমবাড়ি বাজারে বিশ^বিদ্যালয়টি স্থাপন করা হলে অবহেলিত এই জনপদের ব্যাপক উন্নয়ন হবে।