এক ঝলকে

জেমসের ‘দিদিমণি’ নিয়ে চলচ্চিত্র

‘এই শহরে তোমার পাশে, আমিও যে থাকি/ও লাল টুকটুক সেলাই দিদিমণি।’ ২০০৩ সালে ‘দিদিমণি’ শিরোনামের এই গানটি গার্মেন্টসে কাজ করা লাখো নারীকে উৎসর্গ করে গেয়েছিলেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী জেমস। এবার জেমসের এই ‘দিদিমণি’ আসতে চলছে বড় পর্দায়। জেমসের গানের অনুপ্রেরণায় নির্মাতা রিয়াজুল রিজু নির্মাণ করতে যাচ্ছেন ‘দিদিমণি’ শিরোনামের একটি সিনেমা। লেডি অ্যাকশন নির্ভর এই সিনেমার শ্যুটিং শুরু হবে ফেব্রুয়ারির শুরুতে। এখন চলছে কাস্টিং চূড়ান্তকরণ প্রক্রিয়া। রিয়াজুল রিজুর চিত্রনাট্য ও পরিচালনায় সিনেমাটির কাহিনী ও সংলাপ লিখেছেন অনীক বিশ্বাস। নতুন এই সিনেমা প্রসঙ্গে রিয়াজুল রিজু জানিয়েছেন, নানা কারণে দীর্ঘদিন চলচ্চিত্র নির্মাণ থেকে বিরত ছিলাম। এবার আমার শুভাকাক্সক্ষীদের আশ্বস্ত করছি, ‘দিদিমণি’ দ্রুত শেষ করে দর্শকদের উপহার দিতে পারব। সিনেমাটির নাম নিয়েছি জেমস ভাইয়ের ‘সেলাই দিদিমণি’ গানটি থেকে অনুপ্রাণিত হয়ে। আমি তার একজন অন্ধ ভক্ত। এর আগে ২০১৫ সালে ‘বাপজানের বায়োস্কোপ’ নির্মাণ করেন রিয়াজুল রিজু। সিনেমাটি সে বছর ৮টি বিভাগে ৯টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়।

ভুপেন হাজারিকার বাড়িকে ‘হেরিটেজ’ ঘোষণা

ভারতের প্রখ্যাত সংগীত ব্যক্তিত্ব ভুপেন হাজারিকার দক্ষিণ কলকাতার তিনতলা বাড়িটি ‘হেরিটেজ বাড়ি’র তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্প্রতি কলকাতা পৌর করপোরেশনের মেয়র পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এখন কলকাতায় ‘হেরিটেজ বাড়ি’র সংখ্যা ১ হাজার ২০০। ভুপেন হাজারিকা এই বাড়িতে ১৯৫৬ সাল থেকে বসবাস শুরু করেন। এক সময় এই বাড়িতে ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী, অভিনয়শিল্পী, চলচ্চিত্র ব্যক্তিত্ব আর পরিচালকদের যাতায়াত ছিল। এই বাড়িতে এখনো আছে তার ব্যবহার করা অনেক কিছু। ভুপেন হাজারিকা আসামের মানুষ। তিনি ছিলেন বাঙালিদের ভালোবাসার শিল্পী। তিনি প্রচুর বাংলা গান গেয়েছেন। আসামি, বাংলা, হিন্দিসহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও অনেক গান গেয়েছেন। সেদিন তার সেসব গান শুনে অনুপ্রাণিত হয়েছিলেন মুক্তিযোদ্ধারা। বাংলাদেশ সরকার ২০১১ সালে তাকে ‘মুক্তিযুদ্ধ পদক’ দিয়েছে। পেয়েছেন (মরণোত্তর) সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘ভারত রত্ন’। এ ছাড়া ১৯৯২ সালে তিনি চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা ‘দাদাসাহেব ফালকে পদক’ পেয়েছেন। ২০০৯ সালে পেয়েছেন ‘আসাম রত্ন’ পদক, ১৯৭৭ সালে রাষ্ট্রীয় সম্মান ‘পদ্মশ্রী’, ২০০১ সালে ‘পদ্মভূষণ’ আর ‘পদ্মবিভূষণ’ পেয়েছেন ২০১২ সালে। আরও পেয়েছেন সংগীত, নাটক অ্যাকাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা।

প্রকাশ্যে প্রিয়াঙ্কার ঠোঁটে নিকের চুমু

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তারকা দম্পতি প্রিয়াঙ্কা-নিকের গভীর চুম্বনের ভিডিও। সেখানে দেখা গেল, মঞ্চে দাঁড়ানো বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনে লিপ্ত হলেন মার্কিন পপ গায়ক নিক জোনাস। সম্প্রতি মায়ামিতে বর্ষবরণের অনুষ্ঠানে পারফর্ম করে জোনাস ব্রাদার্স ব্র্যান্ড (নিক জোনাস, কেভিন জোনাস ও জো জোনাসের গানের ব্র্যান্ড)। সেখানে উপস্থিত ছিলেন নতুন বছরকে উদযাপন করতে আসা লাখো মানুষ। জোনাস ব্রাদার্সের পারফরম্যান্সের সময় উপস্থিত ছিলেন তাদের প্রিয়তমা সঙ্গী প্রিয়াঙ্কা, ড্যানিয়েল ও সোফি। মঞ্চে শুধু গায়ক তিন ভাইয়ের পাশাপাশি নজর কাড়েন তাদের সঙ্গীরাও। পারফরম্যান্সের শেষে শ্যাম্পেন হাতে প্রিয়াঙ্কার ঠোঁটে চুমু দিয়ে বসেন নিক। একই ভাবে স্ত্রী সোফি ও ড্যানিয়েলের ঠোঁটে ঠোঁট রাখেন নিকের দুই ভাই জো ও কেভিন জোনাসও। সম্প্রতি প্রিয়াঙ্কা নিজের সোশ্যাল মিডিয়ায় তার ২০১৯ সালের শুরু থেকে ২০২০ পর্যন্ত যাত্রার একটি ভিডিও শেয়ার করেছেন। সেটিও বেশ আলোচনায় এসেছে। প্রসঙ্গত, ২০১৯ সালে অনেক আলোচনার জন্ম দিয়ে নিক জোনাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন প্রিয়াঙ্কা। নিককে স্বামী হিসেবে পাওয়া যে তার জীবনে সেরা প্রাপ্তি সেটা বারবার স্বীকার করে এসেছেন দেশি গার্ল। আর তা যে একচুল মিথ্যে নয় সেটা বোঝা যায় এই দম্পতির উদ্দাম জীবনযাপন দেখেই।