আজ নতুন চ্যাম্পিয়ন পাবে ফেডারেশন কাপ

দু’দলের সামনেই ইতিহাসে নাম লিখানোর সুযোগ। আজ যারা জিতবে প্রথমবারের মতো নাম লিখাবে ফেডারেশন কাপের অনার্স লিস্টে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল ৫টায় মর্যাদার এই আসরের ফাইনালে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

তুল্যমূল্যের বিচারে দুই ফাইনালিস্টে আকাশ-পাতাল ব্যবধান। বর্তমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন কিংস এবারও গড়েছে সেরা দল। বাজেট পেরিয়েছে ১০ কোটিরও বেশি। জাতীয় দলের ফুটবলারের হাট বসেছে দলে। ভিনদেশিদের সামর্থ্যও প্রশ্নাতীত। অন্যদিকে দলবদলের মাঠে কখনই বড় নাম নয় রহমতগঞ্জ। বড় দলগুলো খেলোয়াড় বেছে নেওয়ার পর যারা থাকেন, তাদের নিয়েই গড়া পুরান ঢাকার এই দল। তবে ফেডারেশন কাপে রহমতগঞ্জের ময়দানি রূপটা নজর কেড়েছে সবার। গ্রুপপর্বে সাইফ স্পোর্টিং ক্লাব এবং শেখ জামালের সঙ্গে ড্র করে শেষ আটে উঠে আসে তারা। যেখানে তাদের সামনে প্রবল প্রতিপক্ষ আবাহনী। টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় বর্তমান চ্যাম্পিয়নদের হতাশায় ডুবিয়ে সেমিফাইনালে উঠে আসে রহমতগঞ্জ। এরপর মোহামেডানকে পেছনে ফেলে প্রথমবারের মতো শীর্ষ কোনো আসরের ফাইনালে মঞ্চে উঠে এসেছে তারা।

কিংস গ্রুপপর্বে চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে রানার্স-আপ হয়ে কোয়ার্টারে আসে। যেখানে তাদের বড় পরীক্ষা নিয়েছিল মুক্তিযোদ্ধা। টাইব্রেকারে জিতে সেই বাধা পেরিয়ে কিংস সেমিফাইনালে সহজেই হারায় পুলিশ ফুটবল ক্লাবকে। ৩-০ ব্যবধানে সেই জয়টায় সত্যিকারের কিংসকে মাঠে দেখা গেছে মৌসুমে প্রথমবারের মতো। আর সেটাই ফাইনালে আগে অনেকটা নির্ভার করেছে দলটির স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনকে। যদিও গত মৌসুমে ফেডারেশন কাপের ফাইনালের হারটা একদম ভুলে থাকছেন না তিনি। এবার তার চাওয়া প্রথমার্ধেই এগিয়ে যাওয়া, ‘যদি প্রথমার্ধে গোল করতে পারি তাহলে আমাদের জন্য ম্যাচটা হবে সহজ। আর যদি না পারি তবে তাদের পক্ষে সম্ভব খেলার গতি থামিয়ে দিয়ে অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়া।’

ব্রুজন মনে করেন দু’দলের শক্তির পার্থক্যটা কমিয়ে আনার ক্ষমতা রাখেন রহমতগঞ্জের কোচ সৈয়দ গোলাম জিলানী, ‘আমি ওদের খেলা দেখেছি। প্রাক-মৌসুমে একটা ম্যাচও খেলেছি। আমরা যেমন তাদের সম্পর্কে জানি, তারাও আমাদের সম্পর্কে ভালো ধারণা রাখে। তাদের সাফল্যের কারিগর তাদের কোচ। তারা একই কৌশলে প্রতিটি ম্যাচ খেলে সাফল্য পেয়েছে। খুব সংঘবদ্ধ একটা দল। মধ্যমাঠে ও আক্রমণভাগে তাদের বেশ ক’জন ভালো খেলোয়াড় আছে। তাই আমি এই ম্যাচটাকে ৫০-৫০ বলব। কারণ তারা বিশ্রামের একদিন বেশি সময় পেয়েছে। তাই আমাদের সতর্ক হয়ে খেলতে হবে। তবে এটা ঠিক আমরা শিরোপা জিততেই নামব।’

রহমতগঞ্জকে বদলে দেওয়ার কারিগর জিলানী তার দলের বড় শক্তির জায়গা হিসেবে দেখছেন শিষ্যদের মানসিকতা ও দলগত সমন্বয়, ‘আমাদের দলের মূল অস্ত্র খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা ও দলগত সমন্বয়। দেখা গেছে একজন ভুল করলেও আরেকজন এসে তা কভার করে নিচ্ছে। ম্যাচটা ফাইনাল বলে জয়ের বিকল্প নেই। আমরা সেই লক্ষ্যেই নামব।’

শক্তিতে কিংসকে এগিয়ে রাখলেও জিলানী শতভাগ আস্থা রাখছেন তার শিষ্যদের ওপর, ‘কিংস অনেক শক্তিশালী দল। তাদের জাতীয় দলের খেলোয়াড় যেমন আছে, তেমনি আছে বিশ্বমানের বিদেশি ফুটবলার। তাই তাদের সমীহ করতেই হবে। তবে মাঠে বড়-ছোট বলে কিছু নেই। আমরা আমাদের সাধ্যমতো সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

 ২০১১ সালে আলোচনার বাইরে থেকেও স্বাধীনতা কাপের শিরোপা জিতেছিল ফরাশগঞ্জ। ২০১৮ সালে স্বাধীনতা কাপ শিরোপা জিতে চমকে দিয়েছিল আরামবাগ। রহমতগঞ্জ আজ তেমন কিছু করার স্বপ্ন নিয়েই মাঠে নামবে। আর কিংস চাইবে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে প্রথম ফেডারেশন কাপের স্বাদ পেতে।