গাড়ি ছিনতাইকালে ভুয়া সার্জেন্ট আটক

নারায়ণগঞ্জের লিঙ্ক রোডে ট্রাফিক পুলিশের পোশাক পরে গাড়ি ছিনতাই করে পালানোর সময় জনতা একজনকে ধরে পুলিশে দিয়েছে। গতকাল শনিবার  বেলা ৩টার দিকে লিঙ্ক রোডের ফতুল্লার ভূঁইগড় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আটক শামীমের (৪০) বাড়ি কুড়িগ্রামের উলিপুরে। তার কাছ থেকে পিস্তলের মতো দুটি গ্যাসলাইট, ওয়াকিটকি ও ট্রাফিক পুলিশের একসেট পোশাক জব্দ করা হয়।

ছিনতাইয়ের শিকার নোহা মাইক্রোবাসের (ঢাকা-মেট্রো-গ-৩৭-৯০৫০) চালক দেলোয়ার হোসেন বলেন, ফতুল্লা খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামের সামনে একজন পোশাক পরিহিত ট্রাফিক সার্জেন্ট ও সাদা পোশাকে দুজন গাড়ি থামানোর সংকেত দেন। গাড়ি থামানোর পর কাগজপত্র নিয়ে সেগুলোকে ভুয়া জানিয়ে থানায় যেতে বলেন। এরপর গাড়ির পেছনের সিটে আমাকে বসিয়ে ঢাকার দিকে রওনা হলে চিৎকার দেই। এতে গতি বাড়িয়ে যাওয়ার সময় ভূঁইগড় বাসস্ট্যান্ডে একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। চিৎকারে মানুষজন এগিয়ে এলে দুজন পালিয়ে যান। আর শামীমকে ধরে মারধরের পর পুলিশে দেওয়া হয়।’ ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, পোশাকধারী ভুয়া সার্জেন্ট শামীমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।