বাস-ট্রাক-ভ্যানচাপায় নিহত ৫

রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গতকাল পাঁচজন নিহত হয়েছে। এর মধ্যে গতকাল শনিবার সকালে রাজধানীর মিরপুর কালশী এলাকায় রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক পথচারী (৫৫) নিহত হয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের ঘিওরে বাসচাপায় রিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে ঈশ্বরদীতে ট্রাকচাপায় রতন আলী (৫৫) নামের এক পথচারী নিহত হয়। চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাকচাপায় নিহত হয়েছেন শরীফা বেগম নামে এক নারী।

এছাড়া বরগুনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন মজুমদার (৪৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে

রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় পথচারী নিহত : রাজধানীর মিরপুর কালশী এলাকায় গতকাল শনিবার রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত  তার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৫৫ বছর। তার পরনে পাঞ্জাবি ও লুঙ্গি ছিল।

পল্লবী থানার এসআই মো. মিজানুর রহমান জানান, শনিবার সকাল ৮টার দিকে মিরপুর কালশী রোডে হেঁটে রাস্তা পার হওয়ার সময় মিল্ক ভিটা কোম্পানির একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পথচারীরা তাকে উদ্ধার করে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেলে দুপুর পৌনে ১২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, ট্রাফিক পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করে। এর চালক পালিয়ে গেছে।

ফটিকছড়িতে ট্রাকচাপায় বৃদ্ধার মৃত্যু : চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাকচাপায় শরীফা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত শুক্রবার দুই ছেলেসহ ফটিকছড়ির বিবিরহাট বাসস্ট্যান্ডে যাওয়ার সময় শরিফা বেগমকে চাপা দেয় একটি ট্রাক। এই ঘটনায় তার দুই ছেলে আহত হয়েছে। তাদের উদ্ধার করে নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত শরীফা বেগম উপজেলার নারায়ণহাট ইউনিয়নের পশ্চিম চাঁনপুর এলাকার ইদ্রিস মিয়ার স্ত্রী।

মানিকগঞ্জে বাসচাপায় রিকশা চালকসহ নিহত ২ : মানিকগঞ্জের ঘিওরে বাসচাপায় রিকশাচালকসহ দুজন নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা- আরিচা মহাসড়কের জোকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রিকশাচালক আইজুদ্দীন (৫০) ও শিবালয় উপজেলার পয়লা এলাকার সোনামুদ্দিনের ছেলে মো. সেলিম (৩৪)।

বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ বাসুদেব সিনহা জানান, শনিবার দুপুরের দিকে জোকা এলাকায় সিএনজিপাম্পের কাছে রিকশা করে আসছিল সেলিম। এ সময় ঢাকাগামী বিলাস অ্যান্ড সিফাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে তারা দুজন নিহত হন। ঘটনার পর বাসচালক পালিয়ে যায়।

ঈশ্বরদীতে ট্রাকচাপায় পথচারী নিহত : ঈশ্বরদীতে ট্রাকচাপায় রতন আলী (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছে। গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পাকশী রেল স্টেশন সড়কে এই দুর্ঘটনা ঘটে। রতন আলী পাকশীর রূপপুর এলাকার নাহিদ আলীর ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানায়, শুক্রবার রাত ৯টার দিকে পাকশী স্টেশন সংলগ্ন বাংলা কুঠিরের পাশ দিয়ে যাওয়ার সময় পাথরবোঝাই একটি ট্রাক রতন আলীকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতির পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পথে মধ্যেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী গতকাল শনিবার জানান, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে। এ বিষয়ে ঈশ্বরদী থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি। 

বরগুনার পাথরঘাটায় নিহত ১ : মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান আনোয়ার হোসেন মজুমদার (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন গোলাম মাওলা নামের অপর এক আরোহী। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে পাথরঘাটা কলেজের মূল ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালমেঘা থেকে পাথরঘাটার দিকে আসা ভাড়ায়চালিত মোটরসাইকেলটি একটি অটোরিকশাকে ওভারটেক করে সামনের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই আনোয়ার হোসেন মজুমদার মারা যান এবং আহত আরোহী গোলাম মাওলাকে (২৫) উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মো. সাহাবুদ্দিন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।