লিবিয়ার মিলিটারি একাডেমিতে হামলায় নিহত ২৮

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে মিলিটারি একাডেমিতে খলিফা হাফতার বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু সংখ্যক।

জাতিসংঘ সমর্থিত জাতীয় ঐক্যের সরকারের (জিএনএ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আমিন আল-হাশেমি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিজদের আবাসন কক্ষে যাওয়া আগে প্যারেডে অংশ নেওয়া ক্যাডেটদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

এএফপি জানায়, লিবিয়ার রাজধানী ত্রিপোলির আল-হাদবা আল-খাদরা আবাসিক এলাকায় এই মিলিটারি একাডেমি অবস্থিত।

আহতদের রক্ত দিতে ডোনার এবং ব্লাড ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

খলিফা হাফতার বাহিনী জিএনএ নিয়ন্ত্রিত ত্রিপোলি দখল করতে হামলা শুরু করলে গত এপ্রিল থেকে সেখানকার দক্ষিণাঞ্চলে তীব্র লড়াই অব্যাহত রয়েছে।

ন্যাটো সমর্থিত হামলার মধ্যদিয়ে ২০১১ সালে লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত ও হত্যার পর থেকে দেশটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে। দেশটিতে জাতিসংঘ সমর্থিত জিএনএ সরকার এবং পূর্বাঞ্চলে আরেকটি বিরোধী সরকার রয়েছে।

সর্বশেষ এই হামলার জন্য হাফতার বাহিনীকে দায়ী করেছে জিএনএ সরকার। তবে এখনো হামলার দায় স্বীকার করেনি হাফতার বাহিনী।

জাতিসংঘ জানায়, হাফতার বাহিনী রাজধানী ত্রিপোলি দখলের অভিযান শুরু করলে ২৮০ বেসামরিক নাগরিক এবং ২০০০ যোদ্ধা নিহত হন। বাস্তুচ্যুত হন প্রায় দেড় লাখ মানুষ।