ফাইনালে উঠেই ইতিহাস গড়েছিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবার ঘরোয়া কোনো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়ে স্বপ্ন বুনছিল তারা শিরোপার। তবে পুরান ঢাকার দলটির সেই স্বপ্ন গুঁড়িয়ে ফেডারেশন কাপ ফুটবলের শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরা কিংস।
রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরের ফাইনালে রহমতগঞ্জকে ২-১ গোলে হারায় বসুন্ধরা। রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকান ফুটবলার দানিয়েল কলিন্দ্রেস করেছেন জোড়া গোল।
গেল মৌসুমে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে পা রাখা বসুন্ধরার এটিই প্রথম ফেডারেশন কাপ শিরোপা। গত মৌসুমে ফাইনালে উঠলেও ফেডারেশন কাপ জিততে পারেনি তারা। প্রিমিয়ার লিগ ও স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হলেও তাই একটা আক্ষেপ মিশে ছিল তাদের। সেই আক্ষেপ ঘুচল নতুন মৌসুমের প্রথম টুর্নামেন্টে। ফেডারেশন কাপও পেল নতুন চ্যাম্পিয়ন।
এবারের আসরে একের পর এক চমক উপহার দিয়ে ফাইনালে পা রেখেছিল ঘরোয়া ফুটবলে ‘জায়ান্ট কিলার’ খ্যাত রহমতগঞ্জ। কোচ সৈয়দ গোলাম জিলানীর দল কোয়ার্টার ফাইনালে আবাহনী লিমিটেডকে বিদায় করে। এরপর সেমিফাইনালে হারিয়ে দেয় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। তবে ফাইনালে অস্কার ব্রুজেনের বসুন্ধরার বিপক্ষে আরেকটি চমক উপহার দেওয়া যে মোটেও সহজ হবে না, তা মাঠে নামার আগে স্বীকার করে নিয়েছিলেন স্বয়ং কোচ জিলানীও।
সেটি হয়ওনি। তবে প্রথমার্ধে কলিন্দ্রেসের করা গোলে বসুন্ধরা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে খেলায় ফিরেছিল রহমতগঞ্জ। বার্তা দিয়েছিল লড়াইয়ের। কিন্তু রহমতগঞ্জ গোলরক্ষক রাসেল মাহমুদ লিটনের হাস্যকর ভুলে কলিন্দ্রেস আদায় করে নেন নিজের দ্বিতীয় গোল। বসুন্ধরা পায় শিরোপা।
কলিন্দ্রেস নিজের প্রথম গোলটি করেন ৪১ মিনিটে। ম্যাচের ৬৪ মিনিটে কর্নার কিক থেকে উড়ে আসা বলে হেড থেকে রহমতগঞ্জকে সমতায় ফেরান অধিনায়ক মমৌদু। কিন্তু ম্যাচে যখন উত্তেজনা ছড়াচ্ছিল, তখনই ভুল করে বসলেন রহমতগঞ্জ গোলরক্ষক।
৭৬ মিনিটে ছোট ডির মধ্যে বল পেলেও অসতর্ক ছিলেন রহমতগঞ্জ গোলরক্ষক। সুযোগ কাজে লাগিয়ে বল ছিনিয়ে নেন কলিন্দ্রেস। ঠেলে দেন জালে। এ দফায় এগিয়ে গিয়ে বসুন্ধরা আর ম্যাচে ফিরতে কোনো সুযোগ দেয়নি রহমতগঞ্জকে। মাঠ ছেড়েছে জয় নিয়ে।