এফটিপি অনুযায়ী এ মাসেই দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। তবে এখনো পর্যন্ত এই সিরিজ চূড়ান্ত নয়। নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চায় পাকিস্তানে গিয়ে শুধু মাত্র টি-টোয়েন্টি সিরিজ খেলতে। আর টেস্ট সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে খেলতে।
এ ছাড়া বিসিবির পক্ষ থেকে আরেকটি প্রস্তাব দেওয়া হয়েছিল পিসিবিকে। সেটি- টি-টোয়েন্টি সিরিজ খেলে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী কোনো সময়ে টেস্ট সিরিজ আয়োজনের। কিন্তু বিসিবির দেওয়া দুটি প্রস্তাবই নাকচ করেছে পিসিবি।
এদিকে শনিবার সংবাদ সংস্থা পিটিআই পিসিবির একজন অফিশিয়ালের বরাত দিয়ে নতুন একটি খবর প্রকাশ করে। দুই ম্যাচ টেস্ট সিরিজের একটি পাকিস্তানে ও অন্যটি বাংলাদেশে খেলার ব্যাপারে বিসিবি থেকে পিসিবিকে প্রস্তাব দেওয়া হয়েছে, আর সেই প্রস্তাব নাকচ করেছে পিসিবি। এমন তথ্যই ছিল সেই খবরে।
পিটিআইকে সেই কর্তা বলেন, ‘ব্যক্তিগতভাবে প্রস্তাব দেওয়া হয়েছে পাকিস্তানে একটি ও বাংলাদেশে একটি টেস্ট আয়োজনের। কিন্তু এই প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছে।’ এ ছাড়া তিনি আরো বলেন, ‘এটা বিস্ময়কর যে বিসিবি চায় পাকিস্তান বাংলাদেশে গিয়ে খেলুক।’
কিন্তু বিসিবি বলছে এমন কোনো প্রস্তাবই পিসিবিকে দেওয়া হয়নি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘এ রকম কোনো বিষয় সম্পর্কে আমরা অবগত নই। আমাদের দিক থেকে এ রকম কোনো প্রস্তাব দেওয়া হয়নি।’ এ ছাড়া পাকিস্তান সফরে বিসিবি আগের অবস্থানেই অনড় আছে বলে জানিয়েছেন নিজাম উদ্দিন চৌধুরী।