বরিশাল নগরের একটি ডাস্টবিন থেকে ব্যাগে ভরা এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বান্দ রোডের মেরিন ওয়ার্কশপ গেট সংলগ্ন ডাস্টবিন থেকে ওই নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়।
রবিবার দুপুরে কোতোয়ালি মডেল থানা-পুলিশ নবজাতকের শাল উদ্ধার করে ময়না তদন্তর জন্য মর্গে প্রেরণ করে।
কোতোয়ালি মডেল থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস জানান, বান্দ রোডের ডাস্টবিনে কাপড়ের ব্যাগের মধ্যে মেয়ে নবজাতকের একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। শনিবার রাতের যে কোন সময় ওই মৃত নবজাতককে ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে রাখা হয়েছে। তবে জন্ম নেওয়ার পর তার মৃত্যু হয়েছে, নাকি মৃত ভূমিষ্ঠ হয়েছে বা তাকে হত্যা করা হয়েছে কি না তা নিশ্চিত হতে মরদেহটি ময়না তদন্তর জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
মৃত ওই নবজাতকের পরিচয় উদ্ঘাটনে আশপাশে কেউ সন্তান প্রসব করেছে কি-না তা খোঁজখবর নেওয়া হচ্ছে। কাউকে চিহ্নিত করতে পারলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন এসআই আব্দুল কুদ্দুস।