রূপগঞ্জে যৌতুকের টাকা না দেওয়ায় স্টিলের চামচ গরম করে স্ত্রীর দুই হাতে ছ্যাঁকা দিয়েছে যৌতুকলোভী স্বামী। এরপর স্ত্রীকে ঘরে আটকে রেখেও নির্যাতন চালানো হয়।
গত শনিবার রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি ভাংগনিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে ওই গৃহবধূ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ৮ বছর আগে কুমিল্লা জেলার দুর্গাপুর এলাকার তরুণীর সঙ্গে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি ভাংগনিঘাট এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে নজরুল ইসলামের বিয়ে হয়। ওই সময় নজরুলকে দেওয়া হয় ১ লাখ ৮০ হাজার টাকা। কিন্তু মাদকাসক্ত নজরুল স্ত্রীর কাছে আরও টাকা দাবি করে প্রায়ই মারধর করে আসছিল। শনিবার রাতেও টাকা দিতে অস্বীকার করলে স্টিলের চামচ গরম করে স্ত্রীর দুই হাতে ছ্যাঁকা দেয় নজরুল। পরে ঘরে বন্দি করে আরও নির্যাতন চালালে আশপাশের লোকজন ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের সংসারে ৬ বছর বয়সী সন্তান রয়েছে।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান দেশ রূপান্তরকে জানান, এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ পাঠিয়ে নির্যাতনকারী নজরুলকে গ্রেপ্তার করা হয়েছে।