আজিজ সুপার মার্কেটের দোতলায় আগুন

সাভারের আশুলিয়ার আজিজ সুপার মার্কেটের দোতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই মার্কেটের প্রায় ১৫টি দোকান ঘর ও ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার রাত ৮ টার দিকে আশুলিয়া বাজার এলাকার আজিজ সুপার মার্কেটের দোতলা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড, উত্তরা ও সাভার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, রাত ৮ টার দিকে আমরা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময় প্রাথমিকভাবে আমাদের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় আগুন তীব্রতা বেশি থাকায় রাজধানীর উত্তরা থেকে দুটি এবং সাভার ফায়ার সার্ভিস থেকে একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয়।

তিনি আরও জানান, ৬টি ইউনিটের প্রায় দুই ঘণ্টা চেষ্টায় রাত ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা সম্ভব বলে জানান তিনি।