অনুমতি ছাড়া ঠেলাগাড়ি ব্যবহার করায় দুপক্ষের সংঘর্ষে নারীসহ ২৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যায় নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের বনতিয়শ্রী গ্রামে। এ ঘটনায় মামলা হলে পুলিশ হাসপাতাল থেকে ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বনতিয়শ্রী গ্রামের রাশিদের ছেলে করিম শনিবার সকালে একই গ্রামের মৃত আবদুল বারেকের ছেলে সাইদুলের ঠেলাগাড়িতে বোরো ধানের চারা ভরে হাওরের জমিতে নিয়ে যান। না বলে ঠেলাগাড়ি নিয়ে যাওয়ায় দুজনের বাগ্বিতন্ডা হয়। এর জের ধরে সন্ধ্যায় বনতিয়শ্রী গ্রামের মাইজপাড়া মসজিদের সামনে দুপক্ষ লিপ্ত হয় সংঘর্ষে। এতে গুরুতর আহত নওশাদ, এরশাদ, হারেস, রোকেয়া, রতন, ওয়াসীম, সফুরা আক্তার, রোকন, হান্নান, জেলন, মোমেন, করিম ও খোকনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং সাইদুল, সনু মিয়া, আশাদুল, রেবেকা, সাগর, হাবুল মিয়া, হান্নান, সবিকুল, তাহের, ঋতু আক্তার, হালিমা ও আঙ্গুরা বেগমকে মদন হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় আহত সাইদুলের মা খালেদা আক্তার বাদী হয়ে শনিবার রাতেই ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে মদন থানায় মামলা করেছেন।
মদন থানার ওসি রমিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার পর নুরে আলম, বুলবুল আহম্মেদ, রুবেল, মাসুম, আনোয়ার ও হানিফ মিয়াকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করে নেত্রকোনা আদালতে পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ।