এবারই প্রথম সিনেমার সংগীত করছি

সংগীতশিল্পী মুহিন খান এখন গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজন নিয়েও কাজ করছেন। সিনেমার সংগীত পরিচালক হিসেবেও তার অভিষেক হতে যাচ্ছে। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

২৫ গানের প্রজেক্ট...

এখন শিল্পীদের মৌলিক গানের সংখ্যা একেবারেই কমে গেছে। তার সবচেয়ে বড় কারণ হলো পৃষ্ঠপোষকতার অভাব। গান থেকে আগের মতো লাভ উঠে আসছে না। এই মন্দার সময়ে গীতিকবি জামাল হোসেন একটি বড় উদ্যোগ নিয়েছেন। তার রঙ্গন মিউজিকের ব্যানারে ২৫টি গানের একটি প্রকল্প নিয়ে কাজ করছেন। আমার সৌভাগ্য যে, সবগুলো গানের সুর ও সংগীত করার দায়িত্ব পেয়েছি। এই প্রজেক্টে এ সময়ের তরুণ যেসব শিল্পী ভালো গান করেন তাদের প্রায় সবাই যুক্ত আছেন। এছাড়া সিনিয়র শিল্পী সৈয়দ আবদুল হাদী, কুমার বিশ^জিৎ, ফাহমিদা নবী, দিনাত জাহান মুন্নী গান গেয়েছেন। ভারত থেকে গেয়েছেন রাঘব চ্যাটার্জি, রূপঙ্কর ও শুভমিতা। এর মধ্যে কয়েকটি গান প্রকাশ হয়েছে। সম্প্রতি ক্লোজআপ তারকা রন্টির কণ্ঠে ‘রাতভর বৃষ্টির গান’ শিরোনামে গানটি প্রকাশ হয়েছে। সেই গান শুনে সর্বজন শ্রদ্ধেয় কণ্ঠশিল্পী কনকচাঁপা ফেইসবুকে লিখেছেন, ‘অনেক দিন পর একটি ভালো গান শুনলাম।’ এটি আমার জন্য অনেক সম্মানের। এত গুণী শিল্পীরা আমার সুর-সংগীতে গান করছেন ভেবে সত্যিই মনটা আনন্দে ভরে উঠেছে।

সিনেমার সংগীত পরিচালনায় অভিষেক...

এতদিন গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি অডিও আর মিউজিক ভিডিওর জন্য সংগীতায়োজন করেছি। তবে এবারই প্রথম একটি সিনেমার সংগীত করছি। রাশেদ পলাশ পরিচালিত এ সিনেমার নাম ‘পদ্মাপূরাণ’। এটি পদ্মা নদীর পাড়ের সাধারণ মানুষের জীবনের গল্প। আমার বাড়িও এই অঞ্চলে। পরিচালকের সঙ্গে আমার বন্ধুত্ব ছোটবেলার। তিনি হয়ত ভেবেছেন নিজের এলাকার মানুষের জীবনের কথা সংগীতের মাধ্যমে আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারব। তাই আমাকে কাজটি করার প্রস্তাব দেন। এটা নতুন ধরনের অভিজ্ঞতা। আশা করছি কাজটি ভালো লাগবে সবার।

পালিয়ে বিয়ের এক যুগ...

এক যুগ আগে পালিয়ে বিয়ে করেছিলাম। ২০০৮ সালে। তখন সবে মাত্র এমবিএ শেষ করেছি। যদিও ২০০৬ সালে ক্লোজআপ ওয়ানে দ্বিতীয় হয়ে সংগীত ক্যারিয়ার শুরু করেছিলাম। কিন্তু আমার স্ত্রীর পরিবার গানের পেশার ওপর খুব একটা ভরসা করতে পারেননি। তাই তার বিয়ে অন্য জায়গায় দেওয়ার চেষ্টা করছিলেন। এমন পরিস্থিতিতে দুজন সিদ্ধান্ত নিই পালিয়ে বিয়ে করব। গতকাল আমাদের বিয়ের এক যুগ হয়ে গেছে। আমাদের একটি পুত্রসন্তান রয়েছে। আজ ১০ দিনের ট্যুরে পরিবার নিয়ে থাইল্যান্ড ভ্রমণে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।