মাঠ শুকাতে হেয়ার ড্রায়ার-ইস্ত্রির ব্যবহার ভারতে!

বৃষ্টিতে ভিজে যাওয়া মাঠ শুকানোর জন্য হেয়ার ড্রায়ার আর ইস্ত্রির ব্যবহার করে হাসির খোরাক জুগিয়েছেন ভারতের গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামের কর্মকর্তারা।

রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে কোহলির টসের পর বৃষ্টি হয় বড়জোর আধঘণ্টা। এরপর দুই ঘণ্টা মাঠ শুকোনোর কাজ করেন গ্রাউন্ড স্টাফরা। চালানো হয় সুপার সপার। সঙ্গে দেখা যায় ইস্ত্রি থেকে হেয়ার ড্রায়ারের ব্যবহার! শেষ পর্যন্ত কিছুতেই কিছু না হওয়ায় রাত ১০টার খানিক আগে ম্যাচ বাতিল ঘোষণা করেন আম্পায়াররা।

এটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মজা করছেন।

এক নেটিজেন টুইট করেছেন, ‘আমার কয়েকটা জামাকাপড় আছে। অফিসে পরে যেতে হবে। একটু ইস্ত্রি করে দিলে ভাল হয়।’

অনেক আবার স্টেডিয়ামের অব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করছেন। তারা বলছেন, বিশ্বের সবচেয়ে ধনী বোর্ডের (BCCI) কাছ থেকে এমনটা প্রত্যাশিত নয়।