বঙ্গবন্ধু গোল্ড কাপের জন্য সোমবার ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবারের দলে সিংহভাগ ফুটবলারই বসুন্ধরা কিংসের। সর্বাধিক ৯ ফুটবলার ডাক পেয়েছেন সদস্য ফেডারেশন কাপ জয়ী দল থেকে।
গত মৌসুমে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে পা রাখে বসুন্ধরা কিংস। গড়ে বিগ বাজেটের দল। শক্তিশালী দল নিয়ে প্রথম মৌসুমেই স্বাধীনতা কাপ ও প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নেয়। আর এবারের মৌসুমের জন্য দল আরো শক্তিশালী করেছে তারা।
২০১৮ সালে জাতীয় দলে নিয়মিত হয়ে ওঠা রবিউল হাসান, বিশ্বনাথ ঘোষ, বিপলু আহমেদদের মতো তরুণদের দলে ভেড়ায়। আবাহনীর ঘর ভেঙে তারা নিজেদের তাঁবুতে ভেড়ায় ডিফেন্ডার তপু বর্মনকে। মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপ জিতে নিয়ে নিজেদের নাম ও মানের সার্থকতাও প্রমাণ করেছে দলটি।
সাম্প্রতিক সময়ে জাতীয় দলে সাধারণত আবাহনী লিমিটেডের ফুটবলারদেরই আধিক্য বেশি দেখা গেছে। সেই ধারাও এরই মধ্যে ভাঙতে শুরু করেছে বসুন্ধরা। সবশেষ এসএ গেমসে বাংলাদেশ অলিম্পিক দলেও সর্বাধিক ৫ ফুটবলার খেলেছেন বসুন্ধরা কিংস থেকে।
এবারের বঙ্গবন্ধু গোল্ড কাপের দলে অবশ্য আবাহনী বেশ পেছনেই পড়ে গেছে। বসুন্ধরা থেকে সুযোগ পেয়েছেন সর্বাধিক ৯ ফুটবলার। সেখানে আবাহনী থেকে সুযোগ পেয়েছেন ৭ জন।
কিংস থেকে সুযোগ পাওয়ারা হলেন- গোলরক্ষক আনিসুর রহমান জিকো, তপু বর্মন, ইয়াসিন খান, সুশান্ত ত্রিপুরা, রবিউল হাসান, মাহবুবুর রহমান, বিশ্বনাথ ঘোষ, মতিন মিয়া ও মোহাম্মদ ইব্রাহিম।
বসুন্ধরা ও আবাহনীর বাইরে সাইফ স্পোর্টিং থেকে ৪জন, শেখ রাসেল থেকে ১ জন ও চট্টগ্রাম আবাহনী থেকে ২ জন ফুটবলার আছেন বঙ্গবন্ধু গোল্ড কাপের দলে।
২৩ সদস্যের বাংলাদেশ দল:
গোলরক্ষক
আশরাফুল ইসলাম রানা (শেখ রাসেল ক্রীড়াচক্র), শহীদুল আলম সোহেল (আবাহনী লিমিটেড), আনিসুর রহমান জিকো (বসুন্ধরা কিংস)
ডিফেন্ডার
তপু বর্মন (বসুন্ধরা কিংস), ইয়াসিন খান (বসুন্ধরা কিংস), সুশান্ত ত্রিপুরা (বসুন্ধরা কিংস), বিশ্বনাথ ঘোষ (বসুন্ধরা কিংস), রায়হান হাসান (আবাহনী), টুটুল হোসেন বাদশা (আবাহনী), রহমত মিয়া (সাইফ স্পোর্টিং), রিয়াদুল হাসান (সাইফ স্পোর্টিং)।
মিডফিল্ডর
রবিউল হাসান (বসুন্ধরা কিংস), সাদ উদ্দিন (আবাহনী), মামুনুল ইসলাম (আবাহনী), সোহেল রানা (আবাহনী), জামাল ভূঁইয়া (সাইফ স্পোর্টিং), মানিক হোসেন মোল্লা (চট্টগ্রাম আবাহনী),
ফরোয়ার্ড
মাহবুবুর রহমান সুফিল (বসুন্ধরা কিংস), মতিন মিয়া (বসুন্ধরা কিংস), মোহাম্মদ ইব্রাহিম (বসুন্ধরা কিংস), নাবিব নেওয়াজ জীবন (আবাহনী), আরিফুর রহমান (সাইফ স্পোর্টিং), রাকিব হোসেন (চট্টগ্রাম আবাহনী)।