এগিয়ে আনা হতে পারে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী মার্চে জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফর করার কথা রয়েছে। এই সফরে একটি টেস্টের সঙ্গে ৫টি টি-টোয়েন্টি খেলার কথা দুই দলের। তবে মার্চের এই সিরিজ এগিয়ে আনা হতে পারে। ফেব্রুয়ারিতে আয়োজিত হতে পারে দ্বিপক্ষীয় এই সিরিজ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা বিষয়টি নিয়ে জিম্বাবুয়ের সঙ্গে আলোচনা করছি। তবে এটি এখনো নিশ্চিত হয়নি। খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব।’

ঠিক কী কারণে জিম্বাবুয়ে সিরিজ এগিয়ে আনা হচ্ছে সেটিও বিসিবি থেকে পরিষ্কার করা হয়নি। তবে একটি কারণ হতে পারে মার্চে ‘মুজিববর্ষ’ উপলক্ষে আয়োজিত বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যকার দুই ম্যাচের সিরিজ। ১৮ থেকে ২২ মার্চ- এই সময়ের মধ্যে ঢাকায় ‘মুবিজবর্ষ’ উপলক্ষে ম্যাচ দুটি হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া পাকিস্তান সফরের অনিশ্চয়তাও বড় কারণ হতে পারে। সূচি অনুযায়ী এ মাসেই দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফর করার কথা বাংলাদেশ দলের। তবে এই সিরিজ নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা।

বাংলাদেশ এই সফরে শুধু মাত্র টি-টোয়েন্টি খেলতে চায়। নিরাপত্তার কথা বিবেচনা করে যতটা কম সময়ে সফর শেষ করতে চায় বিসিবি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টি-টোয়েন্টি সিরিজের সঙ্গেই টেস্ট সিরিজ আয়োজনের সিদ্ধান্তে অনড়। এই সিরিজের ভাগ্যে কী আছে সেটিও জানা যাবে দ্রুতই।

তবে পাকিস্তান সফরে বাংলাদেশ শুধু মাত্র টি-টোয়েন্টি খেললে বা সফর বাতিল হয়ে গেলে ফেব্রুয়ারির পুরো মাসটা ফাঁকা থাকবে। কারণ এই সময়ে টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর করার কথা থাকলেও সেটিও পিছিয়ে গেছে আগেই। অস্ট্রেলিয়া দল আসবে এ বছর জুন-জুলাইয়ে।

তবে পাকিস্তান সফরের সঙ্গে জিম্বাবুয়ে সিরিজের সম্পর্ক নেই বলে একটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী। এ ছাড়া তিনি জানিয়েছেন, টেস্ট ও টি-টোয়েন্টির সঙ্গে ওয়ানডেও আয়োজিত হতে পারে জিম্বাবুয়ে সিরিজে। সে ক্ষেত্রে কমবে টি-টোয়েন্টির সংখ্যা।