অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের দুই আম্পায়ার

দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর শুরু হচ্ছে ১৭ জানুয়ারি। বাংলাদেশ যুব দল এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে। আকবর আলীরা ছাড়াও আরেকটি ক্ষেত্রে এবার যুব বিশ্বকাপে থাকছে বাংলাদেশের প্রতিনিধিত্ব। বেশ কয়েকটি ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন বাংলাদেশের দুই আম্পায়ার।

যুব বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া বাংলাদেশের দুই আম্পায়ার হলেন- শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও মাসুদুর রহমান মুকুল। যুব বিশ্বকাপের দায়িত্ব পালন করতে মঙ্গলবারই দক্ষিণ আফ্রিকায় উড়ে যাওয়ার কথা দুজনের।

দেশের বাইরে আইসিসির কোনো ইভেন্টে একসঙ্গে বাংলাদেশ থেকে একাধিক আম্পায়ারের সুযোগ পাওয়া এই প্রথম।

২০১০ সাল থেকে আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করে আসছেন শরফুদ্দৌলা। এখন পর্যন্ত ৪১টি ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি।

অন্যদিকে মাসুদুরের আন্তর্জাতিক আঙিনায় অভিষেক ২০১৮ সালে। এখন পর্যন্ত ৬টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি।