ঢাকা সিটি নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে বিএনপি ইভিএম নিয়ে বিষোদগার করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘সিটি নির্বাচন হওয়ার আগেই বিএনপি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ইভিএম নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। অথচ অতীতে ইভিএম পদ্ধতির নির্বাচনে তারাই বেশি জয়লাভ করেছে।’ গতকাল সোমবার দুপুরে সাভার উপজেলা পরিষদ মাঠে শীতার্তদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন,
মূলত বিএনপি ডিজিটাল ভোট পদ্ধতি তথা ডিজিটাল বাংলাদেশ চায় না। তারা জানে নিরপেক্ষ নির্বাচন হলে হেরে যাবে। কাজেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা আজেবাজে বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।
তিনি আরও বলেন, আসন্ন সিটি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধে সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। নির্বাচনে সবাইকে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে বলেছেন। আমরা অবাধ ও সুষ্ঠু ভোট চাই, নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করতে চাই।
ওবায়দুল কাদের বলেন, ‘আমি ঢাকাবাসীকে বলব আপনারা যাকে খুশি ভোট দেবেন। আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই। হারি-জিতি নাহি লাজ। কারণ এই নির্বাচন স্থানীয় সরকারের। এখানে হেরে গেলে আমাদের ওপর আকাশ ভেঙে পড়বে না।’
সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার নিজেদের পকেটের উন্নয়ন চায় না। মন্ত্রী-এমপিদের পকেটের উন্নয়ন নয়, জনগণের ভাগ্যের উন্নয়ন করতে চায়। সে লক্ষ্যে আমরা জনগণের সমর্থন চাই।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ এই শীতে সারা দেশে একজন মানুষও যাতে কষ্ট না পায় এবং শীতে কেউ যেন মৃত্যুবরণ না করে, সেজন্য আমরা দলীয়ভাবে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। সরকার ইতিমধ্যে ৪০ লাখ কম্বল ও ২ কোটি নগদ অর্থ, শিশুদের জন্য শীতবস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেছে। শিশু ও বয়স্কসহ কোনো মানুষ যাতে শীতে কষ্ট না পায়, সেজন্য এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।