২০১৬ শিলং-গৌহাটি এসএ গেমসে স্বর্ণজয়ী তিন ক্রীড়াবিদের আবাসনের দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেল বছর অক্টোবরেই সাঁতারু মাহফুজা খাতুন শীলা, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও শুটার শাকিল আহমেদ প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ফ্ল্যাটের কাজপত্র বুঝে পেয়েছেন।
এবার ফ্ল্যাট বুঝে পাওয়ার আগ পর্যন্ত এই তিন ক্রীড়াবিদ যে ভাড়া বাসায় থাকতেন, সেই টাকাও প্রদান করলেন প্রধানমন্ত্রী।
সোমবার সন্ধ্যায় গণভবনে তিন ক্রীড়াবিদের হাতে মোট ২০ লাখ ৪০ হাজার টাকা তুলে দেন প্রধানমন্ত্রী।
শুটার শাকিলকে ৭ লাখ ২০ হাজার টাকা এবং ভারোত্তোলক মাবিয়া ও সাঁতারু শীলাকে ৬ লাখ ৬০ হাজার টাকা করে প্রদান করেন প্রধানমন্ত্রী।
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং যুব ও ক্রীড়া সচিব আকতার হোসেন উপস্থিত ছিলেন।
বাসা ভাড়া বাবদ টাকা বুঝে পেয়ে দেশ সেরা তিন ক্রীড়াবিদ প্রধানমন্ত্রী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।