এসএ গেমসে তায়কোয়ান্দোতে পদকজয়ীদের সংবর্ধনা

নেপালে অনুষ্ঠিত ১৩তম এসএ গেমসে তায়কোয়ান্দোতে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে ফেডারেশন। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক জয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও অর্থ পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এবারের আসরে তায়কোয়ান্দোতে একটি স্বর্ণ ও ১০টি ব্রোঞ্জ জয় করে বাংলাদেশ। স্বর্ণজয়ীকে ৫০ হাজার টাকা ও ব্রোঞ্জ বিজয়ী প্রত্যেককে ১০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়।

কেবল নেপালই নয়, ২০০৬ সালে কলম্বো গেমসে স্বর্ণজয়ী মিজানুর রহমান এবং ২০১০ সালে ঢাকা এসএ গেমসে স্বর্ণজয়ী দুই নারী ক্রীড়াবিদ শারমীন ফারজানা রুমি ও শাম্মী আক্তারের হাতেও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, ‘সদ্য সমাপ্ত এসএ গেমসে আমরা অতীতের সকল রেকর্ড ভেঙে সর্বোচ্চ সংখ্যক পদক অর্জন করেছি। এবারকার গেমসে তায়কোয়ান্দো থেকে প্রথম স্বর্ণ এসেছে। এ ছাড়া ১০ টি ব্রোঞ্জ অর্জন করেছি। আমি প্রত্যেক পদকজয়ীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

সদ্যসমাপ্ত এসএ গেমসে বাংলাদেশকে প্রথম স্বর্ণটি উপহার দিয়েছিলেন দিপু চাকমা। পুমসে ক্যাটাগরির তায়কোয়ান্দোকা বলেন, ‘এই সংবর্ধনা আমাকে আরও এগিয়ে যেতে সহায়তা করবে। ভবিষ্যতে দেশের জন্য সম্মান বয়ে আনতে অনুপ্রেরণা জোগাবে।’

এ সময় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ কামাল, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানাসহ অন্য ফেডারেশনের সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।