নিরাপদ সুপেয় পানি নিশ্চিতে সারা দেশে বসবে ৬ লাখ টিউবওয়েল। এজন্য প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এই প্রকল্পসহ মোট ৭ প্রকল্প অনুমোদন পেয়েছে। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে ১১ হাজার ৪২ কোটি ১৪ লাখ টাকা। পুরোটাই সরকারি তহবিল থেকে ব্যয় করা হবে।
রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে গতকাল একনেক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী বলেন, এখন নতুন রাস্তা তৈরির চেয়ে বিদ্যমান রাস্তা প্রশস্তকরণ, উন্নয়ন, ব্রিজ-কালভার্ট নির্মাণ এবং বিভিন্ন পয়েন্টে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ করা হবে। সেজন্য আজকের (গতকাল) একনেক বৈঠকে সড়কের প্রকল্প বেশি অনুমোদন দেওয়া হয়েছে।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সারা দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৮ হাজার ৮৫০ কোটি ৭৪ লাখ টাকা। এটি চলতি মাস থেকে ২০২৫ সালের জুনের মধ্যে বাস্তবায়িত হবে। এর আওতায় সারা দেশে নলকূপ ও পানির উৎস নির্মাণ করা হবে। বর্তমানে একটি পানির উৎস ব্যবহার করে ৮৮ জন। সেটি কমিয়ে ৫৫ জনে নামাতে হবে। মন্ত্রী বলেন, ছোটবেলায় কলেরায় আমার বোনও মারা গিয়েছিল। তখন বিশুদ্ধ পানির প্রচণ্ড অভাব ছিল। এখন পরিস্থিতি সেই রকম নেই। তারপরও আরও বেশি ভালো পানি সরবরাহে প্রকল্পটি অনুমোদন দেওয়া হলো। প্রধানমন্ত্রী এ ধরনের প্রকল্পের জন্য খুব খুশি হয়েছেন। মন্ত্রী আরও বলেন, গ্রাম হবে শহর। শহরে যেমন আপনারা কল ঘুরালেই পানি পান, তেমনি এ প্রকল্পের মাধ্যমে গ্রামে পানি সরবরাহ করা হবে।
একনেকে অনুমোাদিত প্রকল্পগুলো হচ্ছে, সিংড়া-গুরুদাসপুর-চাটমোহর সড়কের সিংড়া অংশে বাঁধ উঁচুকরণ, পেভমেন্ট নির্মাণ ও প্রশস্তকরণ প্রকল্পে ব্যয় হবে ১৩৫ কোটি ৭১ লাখ টাকা। পুঠিয়া-বাগমারা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ, ব্যয় ১৩০ কোটি ৮৩ লাখ টাকা। সুগন্ধা নদীর ভাঙন থেকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু রক্ষার্থে নদীতীরে স্থায়ী রক্ষাপ্রদ কাজ, ব্যয় হবে ২৮৩ কোটি ৫২ লাখ টাকা। জরাজীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলি সেতু এবং আরসিসি সেতু প্রতিস্থাপন (ঢাকা জোন), ব্যয় ১ হাজার ১৯০ কোটি ৭৮ লাখ টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার- বরিশাল স্থাপন, ব্যয় ৪১২ কোটি টাকা এবং নরসিংদী বিসিক শিল্পনগরী সম্প্রসারণ প্রকল্পের জন্য ব্যয় হবে ৩৮ কোটি ৫৬ লাখ টাকা।
ব্রিফিংয়ের সময় পরিকল্পনা সচিব মো. নূরুল আমিন, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, পরিকল্পনা কমিশনের সদস্য শামিমা নার্গিস, সাহিদ আহমেদ, আবুল কালাম আজাদ ও জাকির হোসেন আকন্দ উপস্থিত ছিলেন।