অস্ট্রেলিয়ার দাবানলের ভয়াবহতা নিয়ে কিছু মানচিত্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিগুলোতে দেখানো হয়, দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়ার অধিকাংশ এলাকা।
তবে এক অনুসন্ধানী প্রতিবেদনে বিবিসি জানায়, এই সব মানচিত্রের ছবি বিভ্রান্তিকর। দুর্যোগ সম্পর্কে সচেতনতা থেকে সাধারণ মানুষ ছবিগুলো পোস্ট করছে। তবে ছবিগুলো ভুল তথ্য উপস্থাপন করছে।
গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দাবানলে দেশটিতে এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছে। ধ্বংস হয়ে গেছে দুই হাজারেরও অধিক ঘরবাড়ি। এ ছাড়া কোটি কোটি বন্যপ্রাণী নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছে অস্ট্রেলিয়া, এমন একটি মানচিত্র টুইটারে ভাইরাল হয়েছে। সংগীত তারকা রিয়ান্না পর্যন্ত এই ছবি শেয়ার দিয়েছেন। এতে দেখা যায়, আগুনে জ্বলে গেছে অস্ট্রেলিয়া, চারদিকে উপকূলীয় এলাকাগুলো লাল আগুনে চিহ্নিত করা হয়েছে।
কিন্তু এই ছবিটি মূলত গত এক মাসের দাবানলের তথ্যের ভিত্তিতে তৈরি করা। এক মাসে অস্ট্রেলিয়ার কোন কোন এলাকা দাবানলের শিকার হয়েছে সেটি প্রতীকী আকারে দেখিয়েছেন আন্থনি হেয়ারসি নামে এক শিল্পী।
ব্যাপকভাবে ভাইরাল হওয়া আরেকটি ছবিতে দেখা যায়, পুরো অস্ট্রেলিয়াজুড়ে আগুন। লাল বিন্দু দিয়ে এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে। ছবিটিতে দেখা যায়, মানচিত্রজুড়ে লাল বিন্দু।
অস্ট্রেলীয় সরকারের ওয়েবসাইট মাই ফায়ারওয়াচ থেকে এই ছবিটি নেয়া হয়েছে। তবে অধিক উষ্ণ এলাকাগুলোকে চিহ্নিত করতে এই মানচিত্রটি করা হয়েছে। যেখানে দাবানলের বিষয়টি সরাসরি ইঙ্গিত করা হয়নি।