বিসিবিকে আগে টেস্ট খেলার প্রস্তাব পিসিবির

টি-টোয়েন্টি সিরিজ নয়, সংক্ষিপ্ত সময়ের জন্য হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আগে টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বুধবার সাংবাদিকের এ কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পিসিবির দেওয়া এই নতুন প্রস্তাবের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিসিবি সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান।

নাজমুল হাসান পাপন বলেন, ‘পাকিস্তান আজ নতুন প্রস্তাব দিয়েছে। আপাতত টেস্ট সিরিজে খেলতে পাকিস্তান সফরে যেতে বলেছে। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোনো এক সময়ে টি-টোয়েন্টি সিরিজ খেলে নেওয়ার কথা বলেছে।’

এফটিপি অনুযায়ী জানুয়ারি-ফেব্রুয়ারিতে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে পাকিস্তান সফর করার কথা বাংলাদেশ দলের। কিন্তু নিরাপত্তার কথা চিন্তা করে বিসিবি এই সফরে শুধু মাত্র টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দেয়। এরপর পরবর্তীতে কোনো সুবিধাজনক সময়ে টেস্ট খেলতে চায়।

বিসিবির আরেকটি প্রস্তাব ছিল- কোনো নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট আয়োজন করা হোক। কিন্তু পিসিবি এত দিন টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ এক সঙ্গে আয়োজনের সিদ্ধান্তে অনড় ছিল।

দুই বোর্ডেরই অনড় অবস্থানে বাংলাদেশের পাকিস্তান সফরটাও অনিশ্চিত হয়ে পড়েছিল অনেকটা। তবে বুধবার পিসিবির দেওয়া নতুন প্রস্তাব বিসিবি ইতিবাচকভাবেই ভাববে বলে মনে হচ্ছে।

বিশেষ করে টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবছেন বিসিবি সভাপতি নিজেও, ‘টি-টোয়েন্টি তো দ্বিপক্ষীয়। টেস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের। গেলে কী হতে পারে, না গেলে কী হতে পারে- সেটাই চিন্তা। এটা কী হতে পারে, আমরাও নিশ্চিত না। যেহেতু চ্যাম্পিয়নশিপ আইসিসির, সেহেতু এটা তাদের ব্যাপার।’

সংক্ষিপ্ত সময়ের জন্য হলে অনেক ক্রিকেটারই পাকিস্তান সফরের ব্যাপারে ইতিবাচক বলে জানিয়েছেন বিসিবি প্রধান। তবে মুশফিকু রহিম অনাগ্রহ প্রকাশ করেছেন সফর সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও।