কিশোরগঞ্জ বরগুনায় দুই গৃহবধূ খুন

কিশোরগঞ্জের করিমগঞ্জে কলেজছাত্রী গৃহবধূকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার অভিযোগ করা হয়েছে স্বামীর বিরুদ্ধে। বরগুনার বামনায় স্বামী কুপিয়ে হত্যা করেছে কলেজছাত্রী স্ত্রীকে। এ ছাড়া, জয়পুরহাটের পাঁচবিবিতে জমি থেকে কিশোর হোটেল শ্রমিকের, গাজীপুরের কাপাসিয়ায় ব্রহ্মপুত্র নদ থেকে নৌকাডুবিতে নিখোঁজ শিশুর এবং সাতক্ষীরার কলারোয়ার খাল থেকে তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

কিশোরগঞ্জ : করিমগঞ্জে স্বামীর বাড়ির লোকজনের হাতে নূরে হামজা নূর (২৬) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ করেছেন তার বাবা। গত মঙ্গলবার রাতের কোনো একসময় উপজেলার গাংগাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নূর ঢাকার যাত্রাবাড়ী এলাকার মন্টু শেখের মেয়ে এবং করিমগঞ্জ উপজেলার গাংগাইল গ্রামের মোমতাজ মাস্টারের ছেলে আব্দুল্লাহ আল রোমানের স্ত্রী। নূর ঢাকার সায়েদাবাদ এলাকার আরকে চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের পরিবারের লোকজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোনে পরিচয়ে নূর ও রোমানের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০১৭ সালের ৩ মার্চ তারা বিয়ে করেন। গতকাল বুধবার সকালে নূরের বাবার কাছে রোমানের পরিবার ফোন করে বলে, ‘নূর আত্মহত্যা করেছে, লাশ নিয়ে যান।’

বরগুনা : বামনার কাকচিড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মোসা. জাকিয়া আক্তারকে (২২) কুপিয়ে হত্যা করেছেন স্বামী আবু সালেহ (৪০)। এ ঘটনায় আবু সালেহকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত জাকিয়া দক্ষিণ কাকচিড়া গ্রামের হারুন জমাদ্দারের মেয়ে। তিনি বরগুনা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

জয়পুরহাট : পাঁচবিবিতে জিহাদ (১৫) নামে এক হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে উপজেলার চানপাড়া এলাকার আলুর জমির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জিহাদ একই উপজেলার ফিসকারঘাট গ্রামের মজনু মিয়ার ছেলে।

গাজীপুর : কাপাসিয়া উপেজলার সিংহশ্রী নয়ানগর এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে নৌকাডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুদিন পর গতকাল বুধবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তিথি চন্দ্র ধর (১০) ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার পাতলাশি এলাকার মতি চন্দ্র ধরের মেয়ে।

সাতক্ষীরা : কলারোয়ার ব্রজবাকসা পুনঃখননকৃত  খালের পানিতে ডুবে ফিরোজা খাতুন (২৬) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুর রহমান জানান, গত মঙ্গলবার দুপুরে হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা কারিগরপাড়ার আবদুর রশিদের ছোট মেয়ে ফিরোজা খালে গোসল করতে নেমে ডুবে যান।