সত্য ভাষণে বিএনপির গাত্রদাহ : কাদের

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভাষণ বিএনপির গাত্রদাহের কারণ বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রম ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সরকারের এক বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেন। ভাষণের প্রতিক্রিয়ায় গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রধানমন্ত্রীর ভাষণে জাতি হতাশ।’ এ মন্তব্যের প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রীর সত্য ভাষণ বিএনপির গাত্রদাহের কারণ। প্রধানমন্ত্রী সত্য কথা বলেছেন, সত্য বলার সৎ সাহস রয়েছে। ভুলভ্রান্তি স্বীকার করার সৎ সাহস রয়েছে। যেখানেই অপরাধ হয়েছে, সেখানেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ভাষণের সবকিছু এই পরিসরে বলা সম্ভব নয়। যে বিষয়গুলো বলা দরকার, তিনি তা বলেছেন।  যেমন প্রধানমন্ত্রী দুর্নীতি নিয়ে বলেছেন, দুর্নীতিবাজ যেই হোক, যত শক্তিশালী হোক, তাকে ছাড় দেওয়া হবে না।  যে অঙ্গীকার নিয়ে জাতির কাছে দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান শুরু করেছেন, সেটা অব্যাহত থাকবে।’ ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী মুখরোচক প্রতিশ্রুতিতে বিশ্বাস করেন না, তার প্রধান লক্ষ্য তরুণদের কর্মসংস্থান এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করা হচ্ছে। আমরা আমাদের যা করণীয় তা করে যাব। দেড় কোটি কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কাজেই ভবিষ্যৎ সম্পর্কে প্রধানমন্ত্রী কিছু বলেননি, এটা ঠিক নয়।’ তিনি বলেন, ‘সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছেন, সে বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে স্বস্তির বিষয় হচ্ছে, মূল ঘটনার সঙ্গে যে জড়িত তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মেট্রোরেলের কাজ অনেকাংশেই শেষ হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘মেট্রোরেল নির্মাণকারী প্রতিষ্ঠান যে সময় দিয়েছে, ডিসেম্বরের মধ্যে তাদের কাজ মোটামুটি শেষ হবে বলে জানিয়েছে। আমরা তাদের আরও সময় বাড়িয়ে ২০২১ সালের জুন পর্যন্ত টার্গেট দিয়েছি। তারা টার্গেট মিস করেছে, এমন রেকর্ড আমাদের জানা নেই।’