ওয়াইল্ড কার্ড পেয়ে অস্ট্রেলিয়ান ওপেনে শারাপোভা

চোটে জর্জরিত মারিয়া শারাপোভার গত মৌসুমের বেশির ভাগ সময় কেটেছে কোর্টের বাইরে। অস্ট্রেলিয়ান ওপেনে তার খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। সেই শঙ্কা কেটে গেল। ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী খেলতে নামবেন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে।

এক বছর ধরে মাঠের বাইরে থাকায় র‍্যাঙ্কিংয়ে ব্যাপক পতন হয়েছে শারাপোভার। নারী টেনিসে তার বর্তমান র‍্যাঙ্কিং ১৪৭। ফলে ব্যক্তিগত যোগ্যতার মানদণ্ডে এবারের অস্ট্রেলিয়ান ওপেনে কোনোভাবেই খেলা হতো না ৩২ বছর বয়সী এই খেলোয়াড়ের।

ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে চলতি সপ্তাহে ব্রিসবেন ইন্টারন্যাশনাল দিয়ে বছর শুরু করেছিলেন শারাপোভা। ভালো করতে পারেননি সেখানেও।

কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনে শারাপোভা বড় একটি নাম। ২০০৩ সাল থেকে এখন পর্যন্ত ষোলোবার টুর্নামেন্টটিতে খেলেছেন এই রুশ কন্যা। ২০০৮ সালে জিতেছেন শিরোপা। এসব বিবেচনাতেই শারাপোভাকে ওয়াইল্ড কার্ড দিল অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা।

ওয়াল্ড কার্ড পেয়ে আবেগাপ্লুত শারাপোভা বলেন, “অস্ট্রেলিয়ান ওপেনের ড্র’তে থাকাটা অবিশ্বাস্য।”

“এখানে আমার অসাধারণ সব অভিজ্ঞতা রয়েছে। বেশ কয়েকবার ফাইনালে কঠিন লড়াইয়ে হেরে যাওয়ার পর চ্যাম্পিয়নশিপের শিরোপা তুলে ধরেছিলাম। অস্ট্রেলিয়ায় আমার অনেক উত্থান-পতন আছে।”