বরগুনার আমতলীতে খাদ্য কর্মকর্তার ১০ দিনের কারাদণ্ড

ধান সংগ্রহে অনিয়মের অভিযোগে বরগুনার আমতলী উপজেলা খাদ্য গুদামের উপ খাদ্য পরিদর্শক অঞ্জন কুমার ডাকুয়াকে ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে ১৯৫ বস্তা অবৈধভাবে সংগৃহীত ধান।

বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ধান সংগ্রহ করা হয়েছে এমন অভিযোগে অভিযান চালিয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মিতা পারভিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মণিরা পারভিন বলেন, কৃষকদের কাছ থেকে ভর্তুকি দিয়ে ধান সংগ্রহের নিয়ম থাকলেও খাদ্য গুদামের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে জনৈক ব্যবসায়ী মো: ফেরদৌস গোপালগঞ্জ থেকে নিম্নমানের ধান এনে গোডাউনে মজুদ করে ছিল। খবর পেয়ে আমতলী গোডাউনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বসিয়ে খাদ্য গুদামের উপ খাদ্য পরিদর্শক অঞ্জন কুমারকে ১০ দিনের কারাদণ্ড এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী ফেরদৌসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ১৯৫ বস্তা ধানও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানানএঘটনায় আমতলী খাদ্য পরিদর্শক রবীন্দ্রনাথ এর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হবে।