২ কোটি টাকাসহ পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গ্রেপ্তার

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলামকে ১ কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকাসহ গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুর।

বৃহস্পতিবার বিকেল ৫ থেকে রাত ৭টা পর্যন্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও বাসভবনে অভিযান চালিয়ে ৪টি ট্রাভেল ব্যাগে রাখা  টাকাগুলো উদ্ধার করা হয়।  

সমন্বিত দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে দুদকের ৫ সদস্যের একটি দল অবৈধভাবে অর্জিত বিপুল পরিমাণের এ অর্থ উদ্ধার করেন।

এ সময় দুদক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাড়াও দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি মো. দবির উদ্দীন, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নী ও সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোহাম্মদ সামছুজ্জামান উপস্থিত ছিলেন।

মো. তাজুল ইসলাম ২০১৬ সালের ১ জুলাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে পার্বতীপুর উপজেলায় যোগদান করেন।

গত সাড়ে তিন বছরে পার্বতীপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থেকে অবৈধভাবে এসব অর্থ সরিয়েছেন বলে সমন্বিত দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান ধারনা করছেন। গোপন সূত্রে পাওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় বলে তিনি জানান।