চট্টগ্রামের আনোয়ারায় ‘গাইনি চিকিৎসক’ পরিচয়দানকারী সেলিনা আকতারের চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু হয়েছে। ঘটনাটি ধামাচাপা দিতে নিহতের পরিবারকে দুই লাখ টাকা, মধ্যস্থতাকারী পুলিশ ও জনপ্রতিনিধিদেরও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ‘ম্যানেজ’ করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার মহালখান বাজারের দক্ষিণে সেলিনার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতে নিহত নারীর লাশ নিয়ে ভুয়া ডাক্তার সেলিনার বাড়িতে বিক্ষোভ করেন স্বজনরা।
নিহত নারীর স্বজনরা জানান, উপজেলার জুঁইদ-ী ইউনিয়নের খুরুসকুল গ্রামের হাজিবাড়ির ফোরক আহমদের স্ত্রী ছলিমা আকতার ৪ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় বুধবার বিকেলে অসুস্থবোধ করেন। ওই সময় তার স্বামী ফোরক আহমদ তাকে নিয়ে মহালখান বাজারসংলগ্ন গাইনি চিকিৎসক হিসেবে পরিচিত সেলিনা আকতারের বাড়িতে নিয়ে যান। সেখানে সেলিনা ছলিমাকে একটি কক্ষে নিয়ে চিকিৎসা করেন। কয়েক মিনিট পর সেলিনা ছলিমার স্বামীকে বলেন, ‘রক্তক্ষরণে রোগী অজ্ঞান হয়ে পড়েছে, তাকে হাসপাতালে নিয়ে যান।’ পরে অ্যাম্বুলেন্স ডেকে রোগীকে গাড়িতে তুলতে গিয়ে স্বজনরা বুঝতে পারেন ছলিমা আরও আগেই মারা গেছেন।
এদিকে, রাতে নিহত ছলিমার পরিবারের লোকজন লাশ নিয়ে অভিযুক্ত সেলিনার বাসার সামনে বিক্ষোভ করেন। খবর পেয়ে সেখানে পুলিশ উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়। এ নিয়ে রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় সমঝোতা বৈঠক চলে। পরে নিহতের পরিবারকে দুই লাখ টাকা দেওয়ার শর্তে সমঝোতা হলে লাশ নিয়ে বাড়ি ফেরেন নিহতের স্বজনরা। বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম সুমন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।