জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে আগামী ২২ ও ২৩ মার্চ সংসদে বিশেষ অধিবেশন বসবে। আর ১৯ মার্চ শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে মুজিববর্ষের অনুষ্ঠান শুরু করবে জাতীয় সংসদ। ২২ মার্চ
এ অধিবেশন শুরুর আগে ধানম-ি ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন সংসদ সদস্যরা। এরপর সংসদের বিশেষ এ অধিবেশনে যোগ দেবেন তারা। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদের কার্যউপদেষ্টা কমিটির ষষ্ঠ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে নেওয়া অন্য সিদ্ধান্তগুলো হলো, চলমান ষষ্ঠ অধিবেশন আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৪টায় অধিবেশন শুরু হবে। প্রতি শুক্র ও শনিবার অধিবেশন মুলতবি থাকবে। বিশ্ব ইজতেমার মোনাজাতের জন্য ১২ জানুয়ারিও মুলতবি থাকবে। তবে প্রয়োজনে সময় পরিবর্তন করতে পারবেন স্পিকার।
বৈঠকে জানানো হয়, ষষ্ঠ অধিবেশনে চারটি সরকারি বিলের নোটিস রয়েছে। তিনটি অনিষ্পন্ন সরকারি বিলও আছে। মোট সাতটি সরকারি বিলের মধ্যে একটি সরকারি বিল পাসের অপেক্ষায়, দুটি কমিটিতে পরীক্ষাধীন ও চারটি উত্থাপনের অপেক্ষায় রয়েছে। বেসরকারি সদস্যদের কাছ থেকে কোনো বিলের নোটিস পাওয়া যায়নি। পূর্বে প্রাপ্ত ও অনিষ্পন্ন দুটি বেসরকারি বিল রয়েছে।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮৯টি প্রশ্ন ও মন্ত্রীদের জন্য ২২৭৩টি প্রশ্নসহ প্রাপ্ত মোট প্রশ্নের সংখ্যা ২৩৬২টি।
কমিটির সভাপতি সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মো. ফজলে রাব্বী মিয়া, আনিসুল হক, গোলাম মোহাম্মদ কাদের, আনিসুল ইসলাম মাহমুদ ও নূর-ই-আলম চৌধুরী বৈঠকে অংশ নেন।