মাশরাফীর ঢাকাকে ১৪৯ রানের টার্গেট দিল রংপুর

পয়েন্ট স্বল্পতায় বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। নিজেদের বিদায়ী ম্যাচেও ব্যাটিংয়ে তেমন দ্যুতি ছড়াতে পারল না রংপুর চ্যালেঞ্জার্স। দেড়শো রানের নিচেই তাদের আটকে দিয়েছে মাশরাফী বিন মোর্ত্তজার ঢাকা প্লাটুন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দিনের প্রথম ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করে কুড়ি ওভারে ৯ উইকেটে ১৪৮ রান করে রংপুর। সর্বোচ্চ ৪৬ রান করেন ইংল্যান্ডের লুইস গ্রেগিরি। ৩৫ রান এসেছে মোহাম্মদ আল-আমিনের ব্যাট থেকে।

ঢাকার বোলারদের মধ্যে ২২ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন থিসারা পেরেরা। ২ উইকেট নেন শাদাব খান। একটি করে উইকেট নেন মেহেদি হাসান ও মাশরাফী।

১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আগেই শেষ চার নিশ্চিত করে রেখেছে ঢাকা। এই ম্যাচে জয় পেলে শীর্ষে উঠে আসবে দ্বিতীয়স্থানে থাকা দলটি। বর্তমানে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

আর এগারো ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ষষ্ঠস্থানে থাকা রংপুর।