বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাবিতে ম্যারাথন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হাফ ম্যারাথন (২১ দশমিক ১ কিলোমিটার) প্রতিযোগিতা হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সবাইকে মুজিববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

ম্যারাথনে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এতে পুরুষ ক্যাটাগরিতে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির শিক্ষার্থী মাহফুজুল হক প্রথম, ফার্মেসি বিভাগের রাকিবুল ইসলাম ও পদার্থবিজ্ঞান বিভাগের রাসেল মাহমুদ যৌথভাবে দ্বিতীয় এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের দীপঙ্কর ভৌমিক তৃতীয় স্থান অর্জন করেন। নারীদের মধ্যে চারুকলা বিভাগের রুপশ্রী হাজং প্রথম, দর্শন বিভাগের আফরিয়াতুল জান্নাত দ্বিতীয় এবং একই বিভাগের সুমাইয়া শম্পা তৃতীয় হন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজসহ অনেকে উপস্থিত ছিলেন।