দুই কোটি টাকাসহ গ্রেপ্তার

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল জেলে

প্রায় দুই কোটি টাকাসহ দুদকের হাতে গ্রেপ্তার পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাজুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা দায়রা জজ আবদুল আজিজ ভূঁইয়া তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ৫০ হাজার ও তার সরকারি বাসা থেকে ১ কোটি ৮৪ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করে দুদক। ওই রাতেই তাকে দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ে নেওয়া হয়।

এদিকে এ ঘটনায় গতকাল জেলা সমন্বিত দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান বাদী হয়ে মানি লন্ডারিং আইন, ঘুষ, দুর্নীতি ও অবৈধ পন্থায় অর্থ উপার্জনের অভিযোগে তাজুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। মামলা তদন্ত করবেন সহকারী পরিচালক মো. জিন্নাতুল ইসলাম।