সেঞ্চুরি বঞ্চিত মুশফিকের ব্যাটে খুলনার বড় জয়

দুর্দান্ত ব্যাটিং করেও দুই রানের জন্য সেঞ্চুরি না পাওয়া মুশফিকুর রহিমের কল্যাণে নিজেদের ১১তম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সকে ৯২ রানে হারিয়েছে খুলনা টাইগার্স।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবারের দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে ২১৮ রান করে খুলনা। জবাব দিতে নেমে কুমিল্লা ৯ উইকেটে ১২৬ রান তুলতে পারে।

আগের সেরা ৯৬ ছাড়িয়ে এদিন ৯৮ রানে অপরাজিত থাকেন মুশফিক। এই কিপার ব্যাটসম্যানের ৫৭ বলের ইনিংসে ১২টি চারের পাশে ছক্কা তিনটি। তার সঙ্গে ১৬৮ রানের জুটি উপহার দেওয়া মিরাজ ৪৫ বলে তিন ছক্কা ও পাঁচ চারে করেন ৭৪ রান। ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

৯২ রান নিয়ে ২০তম ওভার শুরু করেন মুশফিক। সৌম্যর ওভারে একটি চার মেরে স্পর্শ করেন নিজের আগের সেরা ৯৬। তবে এরপর আর দুটি সিঙ্গেলের বেশি নিতে পারেননি।

কুমিল্লা এরপর প্রথম ওভার থেকেই উইকেট হারাতে থাকে। তৃতীয় বল খেলতে এসে ওপেনে নামা সাব্বির রহমান ‘গোল্ডেন ডাক’ মারেন! তিন নম্বরে নামা উপল থারাঙ্গা দলের সর্বোচ্চ স্কোরার, ২৩ বলে ৩২। ছয় নম্বরে নেমে ইয়াসির আলী করেন ২০।

এই জয়ের পর ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠেছে খুলনা। সমান পয়েন্টে থাকা রাজশাহী রয়্যালস নেমে গেছে চারে। কুমিল্লা পঞ্চম।