নারায়ণগঞ্জের সোনারগাঁয় ডিবি পুলিশ পরিচয়ে ৩৭টি গরুভর্তি ট্রাক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের টিপুরদী এলাকায় মধুমতি সিএনজি পাম্পের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ট্রাকটি মাওয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।
ছিনতাই হওয়া ট্রাকটি মাওয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় গরুর মালিক রবিউল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন।
জানা যায়, রবিউল ইসলাম ৩৭টি গরু নিয়ে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে একটি ট্রাকে করে বৃহস্পতিবার বিকেলে রওনা হন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধুমতি সিএনজি পাম্পের সামনে পৌঁছালে ডিবি পুলিশ পরিচয়ে ট্রাকটির গতিরোধ করা হয়। চালক শাহ আলম ও হেলপার ফরিদুল ইসলামকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করা হয়। পরে তারা ট্রাকটি ছিনিয়ে নিয়ে চলে যায়।
গরুর মালিক রবিউল ইসলাম জানান, গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, ছিনতাই হওয়া ট্রাকটি মাওয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ছিনতাই হওয়া গরুগুলো উদ্ধারের জন্য কয়েকটি টিম কাজ করছে।