গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে চলছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা। এটি বাংলাদেশের সবচেয়ে বড় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ।
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শুরু হওয়ার কথা থাকলেও বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বাদ আসর আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে ইজতেমার মূল কার্যক্রম।
বিশ্ব ইজতেমা তাবলিগ জামাতের বার্ষিক সমাবেশ। তুরাগ নদীর তীরে প্রতি বছর অনুষ্ঠিত হয় মুসলমানদের বিশাল এই মিলনমেলা। পৃথিবীর নানা দেশের নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এ সমাবেশে যোগ দেন। ১৯৬৭ সাল থেকে প্রতি বছর নিয়মতান্ত্রিকভাবে এ মহা সমাবেশ বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে আসছে।
ওই বছর থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নিতে শুরু করেন। তখন থেকে ‘বিশ্ব ইজতেমা’ নামে এটি পরিচিতি পায়।
এ বছর বিশ্ব ইজতেমার ৫৪তম আসর। প্রতি ইজতেমায় অংশগ্রহণকারীর সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলছে।
এবারও তুরাগ নদীর উত্তর-পূর্ব তীরের বিশাল খোলা প্রান্তরে অনুষ্ঠিত হচ্ছে এ বিশ্ব ইজতেমা।
পবিত্র হজের পর বিশ্ব ইজতেমা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ। প্রতি বছর বিশ্ব ইজতেমায় অংশ নেন প্রায় চল্লিশ লাখ ধর্মপ্রাণ মুসলমান।
২০১৯ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ছয় হাজার মুসল্লি বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছিলেন।
বহু সংখ্যক বিদেশি মুসল্লি এবারের ইজতেমায় আগমন করেছেন বলে বিশ্ব ইজতেমা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।