ভালভেরদেকে ছাঁটাই করে জাভিকে কোচ করতে চায় বার্সা

স্প্যানিশ সুপার কাপে সেমি-ফাইনালে আতলেতিকো মাদ্রিদের কাছে বার্সেলোনার হারের পর দলটির কোচের চেয়ারে এরনেস্তো ভালভেরদের জায়গা অনেকটা নড়বড়ে হয়ে পড়েছে বলে সংবাদমাধ্যমে খবর। তাকে ছাঁটাই করার কথা ভাবছে কাতালান ক্লাবটি। এই জায়গায় নিজেদের সাবেক খেলোয়াড় জাভি হার্নান্দেসকে নিয়ে আসতে চায় তারা।

জাভির সঙ্গে বার্সেলোনা হর্তাকর্তারা আলোচনাও শুরু করেছে বলে বেশ কিছু সংবাদমাধ্যমে খবর এসেছে। বার্সেলোনা ক্লাবের সিইও ওস্কার গ্রাউ ও টেকনিক্যাল সেক্রেটারি এরিক আবিদাল কাতারের দোহায় জাভির সঙ্গে দেখা করেছেন বলে জানা গেছে।

বার্সেলোনার হয়ে দীর্ঘ ক্যারিয়ার শেষে ২০১৫ সালে কাতারের ক্লাব আল সাদে নাম লেখান জাভি। বর্তমানে ক্লাবটির কোচের দায়িত্বে আছেন সাবেক তারকা এই মিডফিল্ডার।

বার্সেলোনা চাচ্ছে, যতদ্রুত সম্ভব ভালভেরদের জায়গায় জাভিকে নিয়ে আসতে। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত স্পষ্ট কিছু বলেননি। তবে বার্সেলোনা ক্লাবের সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ নাকি আপাতত ভালভেরদেকে বরখাস্ত করার পক্ষে নন।