বাংলাদেশ দলের সামনে পাকিস্তান সফর। নিরাপত্তা প্রশ্নে এই সফরে বাংলাদেশ দল যাবে কি-না এখন পর্যন্ত চূড়ান্ত কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোচিং স্টাফ ও খেলোয়াড়দের অনেকেই নাকি এই সফরে যেতে নারাজ। তবে মাশরাফী বিন মোর্ত্তজা জানালেন, তিনি হলে পাকিস্তান সফরে যেতেন।
পাকিস্তান সফরে যাবেন না বলে এরই মধ্যে বাংলাদেশ দলের তারকা দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়ে দিয়েছেন। মাশরাফীর যদি খেলার সুযোগ থাকত তাহলে কি তিনি এই সফরে যেতেন?
এমন প্রশ্নের জবাবে কাগজে-কলমে এখনো বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বলেন, “সত্যি কথা বলতে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি হয়তো যেতাম। দিনশেষে অবশ্যই পরিবারের সঙ্গে কথা বলতাম। জানি না আমার পরিবার কী বলত।”
“তবে যদি যাওয়ার কথা বলেন হয়তোবা আমি যেতাম। হয়তোবা নট শিউর। ফ্যামিলির ওপর নির্ভর করত। আবার এর মানে এই নয় যে যারা যেতে চায় না তারা ভুল। কারণ খেলার আগে অবশ্যই জীবন। ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা সবার আগে।”
উল্লেখ্য, ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী জানুয়ারির শেষ দিকে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ইঙ্গিত, পূর্ণ সিরিজের জন্য নয়, সংক্ষিপ্ত সময়ের জন্য পাকিস্তান সফরে যেতে পারে বাংলাদেশ।