বাংলাদেশের অর্থনীতি অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বাংলাদেশ এই অঞ্চলে সিঙ্গাপুর ও মালয়েশিয়াকে হারিয়ে শীর্ষে অবস্থান করবে। ২০৪১ সালে বাংলাদেশ টপ-২০-এর মধ্যে চলে আসবে। আপনারা এই হিসাব আমাদের সঙ্গে মিলিয়ে নিতে পারেন।
মন্ত্রী বলেন, ২০৩১ সালে বাংলাদেশ তাইওয়ানকে ছাড়িয়ে যাবে। ২০৪১ সালে সোনার বাংলা গড়ে উঠবে। বর্তমানে ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশ ৩০ নম্বরে অবস্থান করছে। ২০২৭ সালে বাংলাদেশ ২৪তম অর্থনীতির দেশ হবে।
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিলের এমফি থিয়েটারে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে এক আনন্দ উৎসবে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানটি একযোগে বাংলাদেশের সব উপজেলায় এবং কেন্দ্রীয়ভাবে উৎসব পালন ও বর্ণিল আতশবাজি করা হয়। বঙ্গবন্ধুর ইতিহাস ও বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরা হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠানে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) সাহিন আহমেদ চৌধুরী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ উপস্থিত ছিলেন।