নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, চলমান আউটারবার খনন প্রকল্প সম্পন্ন হলে বড় বড় বিদেশি জাহাজ সরাসরি মোংলা বন্দরে ভিড়তে পারবে। এ বন্দরের উদ্দেশ্যে আসা বিদেশি বড় জাহাজগুলো এখনো আউটারবারে রেখে সেখান থেকে পণ্য খালাস করতে হচ্ছে। চলমান এ প্রকল্প শেষ হলে বন্দরে পৌঁছাতে পারবে ১০ মিটার গভীরতার এ জাহাজগুলো। বন্দরের ইতিহাসে এটিই আউটারবারের প্রথম খনন কার্যক্রম।
বঙ্গোপসাগরে মোংলা বন্দর চ্যানেলের আউটারবার খনন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমদানি-রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চায় সরকার। তাই মোংলা সমুদ্রবন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি বৃদ্ধিসহ এ বন্দরের গতি বাড়াতে বহুমুখী উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
প্রায় ৭১২ কোটি টাকা ব্যয়ে হংকং রিভার ইঞ্জিনিয়ারিং নামের একটি চীনা কোম্পানি এ কাজ করছে। ইতিমধ্যে পুরো কাজের ২৪ শতাংশ সম্পন্ন হয়েছে।