ঈশ্বরদীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান সেলিমকে গুলি করে হত্যার প্রতিবাদ, জাতীয় পতাকা অবমাননা ও মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করার প্রতিবাদে উপজেলার প্রধান সড়ক অবরোধ করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের প্রধান সড়কে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। ঈশ্বরদী মুক্তিযোদ্ধা-জনতার ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় প্রতিবাদের অংশ হিসেবে ঈশ্বরদী বাজারের প্রধান সড়ক অবরোধ করা হয়।
ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা চান্না ম-লের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, মুক্তিযোদ্ধা তহুরুল আলম মোল্লা, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হব্বুল, সিরাজ উদ্দিন বিশ্বাস, আবু তাহের বকুল প্রমুখ।