বরিশালে ধর্ষণের অপরাধে এক ব্যক্তির যাবজ্জীবন

বরিশালে ধর্ষণের দায়ে মো. সাইদুল রাড়ি নামে এক ব্যক্তিকে যাবজ্জীন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেয় আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য আসামি মন্নান ব্যাপারীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণীতে জানা যায়, ২০১০ সালের ২৩ এপ্রিল আসামি সাইফুল বিয়ের প্রলোভন দেখিয়ে একই এলাকায় তার বেয়াই মন্নান ব্যাপারীর বাড়িতে নিয়ে এক তরুণীকে ধর্ষণ করে। পরে সাইফুল ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ওই তরুণীর মা বাদী হয়ে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।

ট্রাইব্যুনাল ১০ সাক্ষীর মধ্য ৮ জনের সাক্ষ্যগ্রহণ করে। বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক ওই রায় ঘোষণা করেন বলে জানান বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি ফয়জুল হক ফয়েজ।