যুব বিশ্বকাপে সামর্থ্যের প্রমাণ দিতে চান আকবররা

 ‘আমাদের দলটা ফাইনালেও যেতে পারে বলে আমি বিশ্বাস করি।’- অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে দেশ ছাড়ার আগে এভাবেই বলেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলী। শনিবার জোহানেসবার্গে যুব বিশ্বকাপের অফিশিয়াল সংবাদ সম্মেলনেও তিনি দিয়েছেন একই প্রতিশ্রুতি। বলেছেন, এই মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণে মুখিয়ে আছেন তারা।

১৭ জানুয়ারি শুরু হবে যুব বিশ্বকাপের এবারের আসর। তবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকায় পাড়ি দিয়েছিল আগেভাগেই। দেশ ছেড়েছিল ৩ জানুয়ারি। পচেফস্ট্রুমে এক সপ্তাহের ক্যাম্পও করেছে যুবারা।

১৮ জানুয়ারি জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের যুবাদের বিশ্বকাপ মিশন। তার আগে সোম ও বুধবার যথাক্রমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে আকবররা।

শনিবার অফিশিয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক আকবর জানান, ‘আমাদের দক্ষতা উপস্থাপনের জন্য এটা সবচেয়ে সেরা মঞ্চ বলে আমি মনে করি। আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। আসরে খেলার জন্য সবাই মুখিয়ে আছি। সবাই বেশ রোমাঞ্চিত।’

বর্তমান যুব দলের পারফরম্যান্সও আশা জাগানিয়া। শেষ ৩০ ম্যাচের ১৮টিতেই জিতেছে বাংলাদেশ। যার মধ্যে আছে নিউজিল্যান্ডের ও শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়। ইংল্যান্ডের মাটিতে তিন জয়।

তৌহিদ হৃদয়, মাহমুদুল হাসানরা গিয়েছেন দুর্দান্ত ফর্ম নিয়ে। আকবর তাই বলছেন, ‘আমি মনে করি আমাদের দলটি দারুণ ভারসাম্যপূর্ণ। আমাদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগই ভালো অবস্থানে আছে। দলের সবাই খুবই প্রতিভাবান। যদি সামর্থ্য অনুযায়ী আমরা খেলতে পারি, তাহলে আমরা টুর্নামেন্টের শেষের পর্যন্ত যেতে পারব।’