সর্বকালের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু : গণপূর্তমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাঙালির হাজার বছরের নয়, বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। সেই মহামানবকে পাওয়া গোটা জাতির জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায়। গতকাল রবিবার সুপ্রিম কোর্টে আইন, মানবাধিকার ও সংবিধানবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টানানো অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

শ ম রেজাউল করিম বলেন, ‘কেউ কেউ ভুল করে বলেন, বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তখন আমরা প্রশ্ন তুলি, তাহলে এক হাজার বছর আগে আরও কেউ ছিল কি না? এটা চূড়ান্তভাবে স্বীকৃত যে বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। গোটা জাতির জন্য একটি গৌরবোজ্জ্বল অধ্যায়, বাঙালি জাতির ইতিহাসে একজন মহামানবকে পাওয়া। সেই মহামানব হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

তিনি বলেন, ‘হাজার বছরের নয়, সর্বকালের বাঙালি জাতির ইতিহাসে যতটুকু খোঁজ পাওয়া যায়, তার মতো মহামানবের জন্ম আর হয়নি। টুঙ্গিপাড়ার অজপাড়াগাঁয়ে ছোট্ট একটি পরিবারে যার জন্ম হয়েছিল সেখান থেকে তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি এবং এক পর্যায়ে বিশ্বের নির্যাতিত, নিষ্পেষিত মানুষের নেতায় পরিণত হয়েছিলেন।’ তিনি আরও বলেন, ‘বাঙালিত্ব ও বাঙালির স্বকীয়তা যতদিন থাকবে, ততদিন বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু উজ্জ্বল হয়ে থাকবেন।’ 

এলআরএফের সাধারণ সম্পাদক নাজমুল আহসান রাজুর সঞ্চালনায় ও সভাপতি ওয়াকিল আহমেদ হিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন প্রমুখ।