ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার টটেনহ্যামকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ে প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড গড়ল দলটি। লিগের ইতিহাসে এক মৌসুমে ২১ ম্যাচ শেষে সর্বোচ্চ (৬১) পয়েন্টের রেকর্ড এখন ‘অল রেড’দের। শুধু প্রিমিয়ার লিগ নয়, এর আগে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এমন নজির গড়তে পারেনি কোনো দলই। জয়ের পর দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান ১৬-তে দাঁড়িয়েছে।
গত বছরের জানুয়ারিতে ম্যানচেস্টার সিটির কাছে হারের পর প্রিমিয়ার লিগে আর হারেনি লিভারপুল। লিগে মৌসুমের ২১ ম্যাচ পর্যন্ত সবচেয়ে বেশি পয়েন্ট এর আগে ছিল ম্যানচেস্টার সিটিরই। ২০১৭-১৮ মৌসুমে এই (২১ ম্যাচ) পর্যায়ে ৫৯ পয়েন্ট ছিল তাদের। ৫৯ পয়েন্ট এর আগে ছিল ইউরোপের আরও দুটি ক্লাবে। ২০১৩-১৪ মৌসুমে বুন্দেসলিগায় বায়ান মিউনিখ এবং ২০১৮-১৯ মৌসুমে সিরি আ’তে জুভেন্তাসের। চলতি মৌসুমে ২১ ম্যাচে লিভারপুলের জয় ২০টি, ড্র ১টি। হার নেই। অর্থাৎ প্রথম ২১ ম্যাচ থেকে ৬৩ পয়েন্টের মধ্যে ৬১ পয়েন্ট অর্জন করছে ইয়র্গেন ক্লপের দল।
ম্যাচের ৩৭ মিনিটে মোহামেদ সালাহর পাস থেকে গোল করেন রবার্তো ফিরমিনো। জয়ের পর ক্লপ বলেন, ‘ফলাফল নিয়ে আমি অনেক খুশি কিন্তু আমাদের পারফরমেন্স নিয়ে কথা বলতে হবে। একটি দলের জয় প্রাপ্য ছিল সেটি আমরা। টটেনহ্যামে জেতাটা দারুণ কিছু। আমাদের আরও গোল করা প্রয়োজন ছিল।’ ক্লপ যে কোনো ধরনের রেকর্ড নিয়ে ভাবছেন না এবং লিভারপুলের মূল উদ্দেশ্য যে ৩০ বছর পর প্রিমিয়ার লিগ ট্রফি জেতা তা স্পষ্ট ক্লপের কথায়। ‘এটা আমরা জানি (২১ ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট), এটা বিশেষ কিছু তবে কোনো কিছু টের পাচ্ছি না। ট্রফি পাওয়াটাই সব, তার আগ পর্যন্ত লড়াই করতে হবে। ধারাবাহিক থাকতে হবে। কারণ আমাদের প্রতিপক্ষ দলগুলো শক্তিশালী।’
অপরাজিত থেকে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে লিভারপুল। দলটি সবশেষ পয়েন্ট ভাগাভাগি করেছে গত বছরের ২০ অক্টোবর, ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল লিভারপুল। এরপর টানা ১২ ম্যাচ জিতল দলটি। সব মিলিয়ে লিগে টানা ৩৮ ম্যাচ অপরাজিত লিভারপুল। যা ক্লাবটির ইতিহাসে সেরা ধারাবাহিক পারফরম্যান্স। দলটির এমন ধারাবাহিক পারফরমেন্সে অনেকে তুলনা করছে ২০০৩-০৪ মৌসুমের আর্সেনালকে। সেবার আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল ইংলিশ লিগে। ক্লপ বনাম মরিনহো লড়াইয়ে আরও এগিয়ে গেলেন ক্লপ। বিভিন্ন ক্লাবের ম্যানেজার হিসেবে এই দু’জনের দেখা হয়েছে ১১ বার। তাতে ২ বার জিতেছেন মরিনহো, ক্লপের জয় ৬টি। বাকিগুলো ড্র।
ম্যান ইউনাইটেড ও চেলসির জয়, হার লেস্টারের : ইংলিশ লিগে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ৪-০ গোলে হারিয়েছে নরউইচ সিটিকে। ম্যাচে জোড়া গোল করেন মার্কাস রাশফোর্ড। রেড ডেভিলদের হয়ে এটি ছিল রাশফোর্ডের ২০০তম ম্যাচ। এছাড়া অ্যান্থনি মার্শিয়াল এবং ম্যাসন গ্রিনউড করেন একটি করে গোল। এই জয়ে ২২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে ওলে গানার সোলসকায়ের দল। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ৩-০ গোলে হারিয়েছে বার্নলেকে। দলের পক্ষে গোল করেন জজিনহো, টামি আব্রাহাম এবং কালুম হাডসন-ওডই। ২২ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল। একই দিনে লেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে সাউদাম্পটন। এই হারের পরও ২২ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা (ম্যানসিটির ম্যাচের আগ পর্যন্ত)। এছাড়া আর্সেনাল ১-১ গোলে ড্র করে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে। গানাররা ২৮ পয়েন্টে আছে দশ নম্বরে।
ইন্তারের ড্র : ইতালিয়ান লিগে শনিবার রাতে ইন্তার মিলান ১-১ গোলে ড্র করেছে আতলান্তার সঙ্গে। ম্যাচের চতুর্থ মিনিটে আর্জেন্টাইন লুতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় ইন্তার। ৭৫ মিনিটে গোল শোধ দেন রবিন গোসেন্স। জুভেন্তাসের ম্যাচের আগ পর্যন্ত ৪৬ পয়েন্টে শীর্ষে ইন্তার।