বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস। দিবসটি উপলক্ষে গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সেখান থেকে উপাচার্যের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সেলিম আল দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এরপর বিভিন্ন সংগঠন আয়োজন করে নানা অনুষ্ঠানের। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়।
১৯৭০ সালের ২০ আগস্ট তৎকালীন সরকার এক অর্ডিন্যান্সের মাধ্যমে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামকরণ করেন। এরপর ১৯৭১ সালের ১২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হয় এর কার্যক্রম। ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট পাস হলে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাখা হয়। ২০০১ সাল থেকে এ দিনটিকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে পালন করে আসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।