মেসির সঙ্গে আগুয়েরোর তুলনায় হাসলেন গার্দিওলা

দুর্দান্ত পারফরম্যান্সে ম্যানচেস্টার সিটির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন সের্জিও আগুয়েরো। কেউ কেউ আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে তার স্বদেশি বার্সেলোনা তারকা লিওনেল মেসির সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। কিন্তু এমন তুলনায় এক গাল হেসে সিটির কোচ পেপ গার্দিওলা বললেন- “মেসি মেসিই।”

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে স্বাগতিক অ্যাস্টন ভিলাকে ৬-১ ব্যবধানের হারানোর ম্যাচে হ্যাটট্রিক করেন আগুয়েরো। প্রথমার্ধে একটি গোল করার পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আক্রমণভাগের এই ফুটবলার।

এর মধ্য দিয়ে ম্যানসিটির হয়ে সবচেয়ে বেশি ১২টি হ্যাটট্রিক করার রেকর্ডটি নিজের করে নিলেন আগুয়েরো। গত অক্টোবরে এগারোতম হ্যাটট্রিক করে ক্লাবটির সাবেক খেলোয়াড় অ্যালান শিয়ারের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন তিনি।

আগুয়েরোকে যেমন কাছ থেকে দেখছেন তেমনি ছয়বারের বর্ষসেরা ফুটবলার বার্সেলোনা তারকা মেসিকেও কাছ থেকে দেখার অনেক অভিজ্ঞতা আছে গার্দিওলার।

২০০৮-২০১২ দীর্ঘ সময় বার্সেলোনার কোচ ছিলে গার্দিওলা। এই সময় বার্সেলোনাকে চারবার লা লিগা, দুইবার চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ জেতান। তিনবার জেতান স্প্যানিশ সুপার কাপ।

সংবাদ সম্মেলনে মেসির সঙ্গে আগুয়েরোর তুলনা নিয়ে প্রশ্ন করা হলে গার্দিওলা হেসে বলেন, “মেসিই সেরা।”

মেসি কেন সেরা সেটার যুক্তিতে স্পেনের এই অভিজ্ঞ কোচ বলেন, আগুয়েরো কেবল অসাধারণ স্ট্রাইকার। আর মেসি স্ট্রাইকারের বাইরেও অনেক কিছু।

“মেসি সেরা নাম্বার নাইন, নাম্বার ১০, নাম্বার ১১, নাম্বার সেভেন, নাম্বার সিক্স, নাম্বার ফাইভ, নাম্বার ফোর...”

“তবে অন্যদের মধ্যে নিশ্চিতভাবে সের্জিও অন্যতম সেরা। আমি অনেকবার বলেছি, সে গোল করতে করতে মরবে। গোল করাটা তার মেধা।”